২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হরতালে ছিনতাই আ. লীগ ও বিএনপিকর্মীর’

নাটোরে হরতালে পিকেটার সেজে আওয়ামী লীগ ও বিএনপিকর্মীর বিরুদ্ধে একজোটে ছিনতাই করার অভিযোগ উঠেছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 04:34 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতালের তৃতীয় দিন মঙ্গলবার রাতে বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, রাত ১২টার দিকে গড়মাটি গ্রামের আওয়ামী লীগকর্মী আব্দুল গফুর (৩২) ও বিএনপিকর্মী সুমন হোসেনের (২৫) নেতৃত্বে উভয় দলের কিছু লোক নাটোর-পাবনা সড়কের গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে।

এ সময় যশোরগামী আলুবোঝাই একটি ট্রাক থামিয়ে ব্যবসায়ী রফিকুল ইসলামসহ চালক ও সহকারীকে মারধর করে তাদের নগদ ৬০ হাজার টাকা ও শোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ সময় আশপাশে থাকা বাড়ির লোকজন শোনেন, ছিনতাইকারীরা ভয় দেখায় যে, পুলিশ খবর পেলে ট্রাকের মালামাল নামিয়ে রেখে দেবে। তখন চালক ট্রাকটি চালিয়ে আলু ব্যবসায়ীসহ দ্রুত স্থান ত্যাগ করেন।

গ্রামের লোকজন আরো জানান, এ ঘটনার কিছু আগে উভয়দলের ছিনতাইকারীরা গড়মাটি বাজারে একটি দোকানে একসঙ্গে বসে আলাপ করতে দেখা গেছে।

এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বলেন, অভিযুক্ত আব্দুল গফুর  বর্তমানে তাদের দলের কর্মী। তবে সে সুবিধাবাদী। যখন যে দল ক্ষমতায় থাকে তখন সে সেই দলের সঙ্গে থাকে।

একই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান ও বড়াইগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজাহার আলী বলেন, সুমন তাদের কর্মী। তার বিরুদ্ধে অভিযোগ শুনেছেন। তারা গড়মাটিতে সভা করে এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম বলেন, তাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। তবে ঘটনা শোনার পর তাদের আটকের চেষ্টা চলছে।

ওই ‘ছিনতাইকারীরা’ এখন এলাকা থেকে পালিয়ে গেছে বলেও তিনি জানান।