২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূনের জন্মদিনে নুহাশে থাকছেন না স্ত্রী-সন্তানরা

গাজীপুরের নুহাশ পল্লীতে বুধবার প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৫তম জন্মদিন পালিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

গাজীপুর/নেত্রকোনা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 09:11 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

হরতালের কারণে তার স্ত্রী ও সন্তানরা এ অনুষ্ঠানে থাকতে পারবেন না। তবে, ঢাকার বাসায় সন্তানদের নিয়ে অনুষ্ঠান করবেন বলে জানিয়েছেন স্ত্রী মোহের আফরোজ শাওন।  

বুধবার প্রথম প্রহরে তার কবরে মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর রয়েছে কবরে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটা। 

মোহের আফরোজ শাওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালের কারণে এবার তাদের নুহাশ পল্লীতে স্বামীর জন্মদিনে যাওয়া হচ্ছে না। তবে, সেখানে দায়িত্বে থাকা কর্মকর্তারা নানা কর্মসূচি পালন করবেন।

মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে হুমায়ূন আহমেদের কবরে ৬৫টি মোমবাতি ও ফুল দেয়া হবে। পরে কেক কাটা হবে।

এছাড়া, ঢাকা থেকে নুহাশ পল্লীতে গিয়ে একই ধরনের কর্মসূচি পালন করবেন হুমায়ূন ভক্তদের সংগঠন ‘হিমু পরিবহন’র সদস্যরা।

শাওন বলেন, তিনি সস্তান ও স্বজনদের নিয়ে ঢাকার বাসায় একই রকম আয়োজন করবেন। এছাড়া এ উপলক্ষে বুধবার বিভিন্ন সংগঠন আযোজিত অনুষ্ঠানে যোগ দেবেন।

স্বামীর মৃত্যুর পর দ্বিতীয়বারের মতো তাঁর জন্মদিন পালন করছেন শাওন।

হিমু পরিবহন

হিমু পরিবহনের উদ্যোক্তা ঢাকার তিতুমীর কলেজের শিক্ষার্থী মো. জোবায়ের কবীর তুষার জানান, মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে মোমবাতি প্রজ্জ্বালন, পুষ্পতবক অর্পণ এবং কেক কাটবেন তারা।

এরপর একটি ফানুস ওড়ানো হবে। রাতে বসবে গানের জলসা।

মঙ্গলবার সন্ধ্যায় ১০ জন নারীসহ হিমু পরিবহনের ৫০ জন সদস্য নুহাশ পল্লীতে পৌঁছেছেন। এ অনুষ্ঠানে পুরুষ সদসরা হলুদ পাঞ্জাবী এবং নারী সদস্যরা নীল শাড়ি পড়বেন।

জোবায়ের কবীর তুষার আরো জানান, হুমায়ুন আহমেদ ও তার কর্মকে মানুষের কাছে জাগিয়ে তুলতে এ বছরের ১৯ জুলাই তারা ফেসবুক ব্যবহারকারীরা ‘হিমু পরিবহন’ নামের সংগন গঠন করেন। দেশবিদেশে এর ছয়শ’র মতো সদস্য রয়েছে। এ

সংগঠনের সদস্যরা সবাই কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে তিনি জানান।

নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতাল থাকায় এবার সাদামাটা জন্মদিন পালিত হচ্ছে নুহাশ পল্লীতে। মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে স্যারের কবরে বাতি ও ফুল দেয়া হবে। বুধবারের জন্য নুহাশ পল্লী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।”

নেত্রকোনায় দিনব্যাপী অনুষ্ঠান

জন্মদিনে হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠে দিনব্যাপী কর্মসূচি নেয়া হয়েছে।

শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, কর্মসূচির মধ্যে রয়েছে- দোয়া মাহফিল, কেক কাটা, শোভাযাত্রা, চিত্রাংকন প্রতিযোগিতা, বিদ্যাপীঠের শিক্ষার্থীদের নাটিকা, আলোচনাসভা, লাঠিখেলা, জারিগান, বাউলগান এবং হুমায়ূনের নাটক ও সিনেমার উল্লেখযোগ্য অংশের প্রদর্শন।

সব কর্মসূচিই বিদ্যাপীঠ মাঠে অনুষ্ঠিত হবে। ১৩ নভেম্বর সকাল ১০টায় কর্মসূচি শুরু হবে। অনুষ্ঠান চলবে রাত পর্যন্ত।

তিনি আরো জানান, শোবাযাত্রায় ১০০ জন হিমু অংশ নেবেন। তাছাড়া বাউলগানে অংশ নেবেন কদ্দুছ বয়াতি, ইসলাম উদ্দিন, হাসেম বয়াতি ও দিলবাহার দিলু।

হুমায়ূন আহমেদ তার নিজের গ্রামের বাড়ি নেত্রকোনার কুতুবপুর গ্রামে ১৯৯৬ সালে তিন একর জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। মৃত্যুর আগ পর্যন্ত নিজের অর্থায়নেই স্কুলটি চালান জনপ্রিয় এই কথাসাহিত্যিক। বর্তমান এ দায়িত্ব পালন করছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন।

নেত্রকোনার কেন্দুয়ায় ১৯৪৮ সালের ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্ম। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।