২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে শ্রমিকদের বিক্ষোভ: ৭ কারখানায় ছুটি ঘোষণা

ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ ও ভাংচুরের পর নারায়ণগঞ্জে সাতটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নারায়ণগঞ্জ প্রতিনিধি, বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 06:44 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

সোমবারর সকালে ফতুল্লা শিল্পাঞ্চলে এ ঘটনার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়। জেলার অন্যান্য স্থানে পোশাক কারখানাগুলোতে যথারীতি কাজ হচ্ছে বলে পুরিশ জানিয়েছে।

আদমজীতে অবস্থিত শিল্প পুলিশ-৪ এর সহকারী সুপারিনটেনডেন্ট মো. মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত কয়েকদিন ধরেই ফতুল্লার শিবু মার্কেট এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি আট হাজার টাকার দাবিতে কর্মবিরতি করে আসছিল।

সকালে ফতুল্লার কাঠেরপুর এলাকার লিবার্টির শ্রমিকরা কারখানার ভেতর বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ভাংচুর করে কারখানা থেকে রাস্তায় নেমে আসে।

এ সময় তারা পাশের পলমল, মাইক্রোফাইবার, মেট্রো, আশা, ও মিশওয়্যারসহ ছয়টি পোশাক কারখানার শ্রমিকদের নামিয়ে আনতে ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর চালায় বলে তিনি জানান।

এরপর ওই কারখানাগুলোয় ছুটি ঘোষণা করলে সেখান থেকেও শ্রমিকরা রাস্তায় নেমে আসে। পরে তারা সড়কে মিছিল করতে করতে বাড়ি চলে যায়।