মনোনয়ন কিনেছেন ৯ মন্ত্রীসহ ৬৭৮ জন
প্রধানমন্ত্রী, সংসদ উপনেতা, নয় মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৬৭৮ জন আওয়ামী লীগের মনোনয়নের জন্য প্রথম দিন আবেদনপত্র সংগ্রহ করেছেন।
রোববার বিকাল সাড়ে ৫টায় এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস এই তথ্য জানান।
তিনি বলেন, গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম আবেদনপত্র কেনেন।
প্রথম দিন ঢাকা বিভাগে ২১৫ জন, রংপুর বিভাগে ৮০, রাজশাহী বিভাগে ৭৫, বরিশাল বিভাগে ৫৮, খুলনা বিভাগে ৯৫, চট্টগ্রাম বিভাগে ১০৩ এবং সিলেট বিভাগে ৫২ জন মনোনয়ন পেতে আবেদনপত্র কিনেছেন।
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার প্রথম দিন আবেদনপত্র কিনেছেন বলে জানান মৃণাল কান্তি।
এছাড়া সাংসদ ফজলে নূর তাপস, ওবায়দুল মোক্তাদির চৌধুরী, আসাদুজ্জামান নূরও রোববার আবেদনপত্র সংগ্রহ করেছেন।
রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সাত বিভাগের জন্য আলাদা সাতটি বুথ থেকে আবেদনপত্র বিতরণ করা হয়।
