২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো পেছাল নিজামীর পক্ষে যুক্তিতর্ক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 09:08 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

বিরোধীদলের হরতালের মধ্যে নিরাপত্তার কারণ দেখিয়ে রোববার যুক্তিতর্ক উপস্থাপনে সাতদিনের সময় চেয়ে আবেদন জানায় আসামিপক্ষ।

পরে ট্রাইব্যুনাল সোমবার পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন মুলতবির আদেশ দেয়।

বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রোববার সময় আবেদনটি করেন নিজামীর জুনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামান।

গত ৭ নভেম্বর থেকে মতিউর রহমান নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন তার প্রধান আইনজীবী মিজানুল ইসলাম।

এর আগে ২৭ অক্টোবর থেকে তিন দিনের হরতালের মধ্যেও নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে নিজামীর সাক্ষী ও জ্যেষ্ঠ আইনজীবীরা ট্রাইব্যুনালে উপস্থিত না হওয়ায় সাক্ষ্যগ্রহণ অসমাপ্ত থাকে।

সে সময় ট্রাইব্যুনাল উপস্থিত আইনজীবীদের বলেছিল, সাক্ষীদের নিরাপত্তার ব্যাপারে ট্রাইব্যুনালের কিছু করার নেই, সেটির ব্যবস্থা আইনজীবীদেরই করতে হবে। তবে আইনজীবীরা যদি নিরাপত্তা চান তাহলে তাদের পুলিশি নিরাপত্তা দেয়ার সব ব্যবস্থা ট্রাইব্যুনাল করবে।

তবে ২৯ অক্টোবর মতিউর রহমান নিজামীর আইনজীবী আসাদউদ্দিন ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে সময় আবেদন করেন। আগের দুইদিনের মতোই তিনি জানান, জ্যেষ্ঠ আইনজীবীরা হরতালের মধ্যে নিরাপত্তাজনিত কারণে ট্রাইব্যুনালে আসতে পারছেন না।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ১৬টি অভিযোগ এনে গত বছরের ২৮ মে নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, ধর্ষণ, উস্কানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যাসহ মোট ১৬টি ঘটনায় এ অভিযোগ আনা হয়।

এর আগে একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করা হয়। পরে একই বছরের ২ আগস্ট এক আবেদনের প্রেক্ষিতে তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।