২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৮

বিরোধী দলের চার দিনের হরতালের প্রথম দিন নারায়নগঞ্জ শহরসহ ফতুল্লা, নবীগঞ্জ,  রূপগঞ্জ ও আড়াইহাজারে পুলিশ ও হরতালকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 01:47 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে মহানগর যুবদল নেতাসহ আট জনকে।  

জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, রোববার সকালের দিকে শহরের ফলপট্টি এলাকায় মিছিলের প্রস্তুতি নেয়ার সময় মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন খোকন শাহকে আটক করা হয়।

এছাড়া নাশকতার অভিযোগে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত আরো ৭ জনকে বিভিন্ন স্থান থেকে আটক করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, এই সাত জনের মধ্যে একজন জামায়াত কর্মী, বাকিরা বিএনপির কর্মী-সমর্থক।  

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার ভোলাইল এলাকায় থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে হরতালের সমর্থনে মিছিল বের করে।

এক পর্যায়ে তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং কয়েকটি ককটেল ফাটায়। পুলিশ বাধঅ দিতে গেলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ ফাঁকা গুলি ছুড়ে হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয়।  

সাড়ে ৭টার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের হটিয়ে দেয়।

রূপগঞ্জের বরপায় পিকেটাররা টায়ার জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করে। তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায় বলে জানান রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান।

এদিকে আড়াইহাজার উপজেলার পাঁচরুখিতেও মিছিল করে বিএনপি। সেখানে ১০-১২টি ককটেল ফাটানো হয়।

আড়াইহাজার থানার ওসি আখতারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পায়নি।