ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে অবরোধ
মজুরি বোর্ড ঘোষিত ন্যূনতম ৫ হাজার ৩০০ টাকা মজুরি বাস্তবায়ন এবং শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ ও ভাংচুর করেছে পোশাক শ্রমিকরা।
দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ফতুল্লা শিল্পাঞ্চলের ৭/৮টি কারখানার কয়েকহাজার শ্রমিক সড়ক অবরোধ করলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এ সময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ন্যূনতম মজুরি ৫ হাজার ৩ শ’ টাকা বাস্তবায়ন ও শিবু মার্কেট এলাকায় অবস্থিত রপ্তানিমুখী পোশাক কারখানা আবির ফ্যাশন, পলমলসহ কয়েকটি কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে।
এ সময় তারা ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড অবরোধ করে এবং বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিলে দুপুর সাড়ে ১২টার দিকে লিংকরোডে যান চলাচল শুরু হয়।
ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন বলেন, “শ্রমিকরা মজুরি বোর্ড ঘোষিত মুজরি বাস্তবায়ন ও শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।”
