কচা নদের ফেরি নষ্ট
পিরোজপুরের কচা নদে চলাচলকারী ইউটিলিটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে।
শনিবার সকাল ১০টায় ফেরিটি বন্ধ হওয়ার পর স্রোতের টানে প্রায় তিন কিলোমিটার দূরে চরে আটকে যায় বলে জানিয়েছেন ফেরিটির ইজাদার।
খুলনা ও বরিশাল বিভাগের সাতরুটের যানবাহন কুমিরমারা ও বেকুটিয়া ঘাট দিয়ে এই ফেরিতে পারাপার হয়ে থাকে।
ফেরির ইজারাদার আজমীর হোসেন জানান, এ ফেরিতে বিভিন্ন রুটের ১৩-১৪টি পরিবহনসহ অন্যান্য গাড়ি ছিল। এতে প্রায় দেড়শ’ যাত্রীও রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, বেকুটিয়া ঘাট ছেড়ে ফেরিটি মাঝ নদে এসে পৌছলে হঠাৎ করেই ফেরির দু’টি ইঞ্জিনই বন্ধ হয়ে যায়।
বিষয়টি বরিশাল ফেরি ডিভিশনকে জানানো হলেও মেরামতের জন্য লোকজন কখন পৌঁছবে তা অনিশ্চিত করতে পারেননি তিনি।
গত ছয় মাসে অন্তত ৭২বার এ ফেরির ইঞ্জিণ ত্রুটির কারণে বন্ধ হয়েছে।
কুমিরমারা ঘাটে অপর একটি ফেরি আগে থেকেই নষ্ট রয়েছে।
