২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে তিন গাড়িতে আগুন

বিএনপির কয়েকজন শীর্ষ নেতা গ্রেপ্তার হওয়ার পর রাজধানীর কারওয়ানবাজার, মিরপুর ও আরামবাগে তিনটি গাড়িতে আগুন দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2013, 11:32 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সোয়া ১১টার দিকে কারওয়ার বাজারে পান্থপথের দিকে যাওয়ার মোড়ে একটি প্রাইভেট কারে আগুন দেয় দুর্বৃত্তরা। অগ্নিনির্বাপক বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

প্রায় একই সময় মিরপুর পুরবী সিনেমা হলেন সামনে একটি গাড়িতে আগুন দেয়া হয়।

মধ্যরাতে আরামবাগে সোহাগ পরিবহনের একটি গাড়িতেও আগুন দেয় দুর্বৃত্তরা।

ব্রজেন হাওলাদার বলেন, খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে বিএনপির তিন নেতাকে আটক করার পর ফার্মগেইট এলাকায় কয়েকটি হাতবোমার ফাটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কিছু বলতে পারেনি পুলিশ।

এর ঘণ্টা তিনেক আগে রাত সোয়া ৮টার দিকে হোটেল সোনারগাঁওয়ের সামনে থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়াকে আটক করে পুলিশ।

এর প্রতিক্রিয়ায় বিএনপি বলেছে, তিন নেতাকে অবিলম্বে মুক্তি না দিলে রবি থেকে মঙ্গলবার ঘোষিত ৭২ ঘণ্টার হরতাল আরো দীর্ঘায়িত হবে।

অবশ্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সরকার গ্রেপ্তারে বাধ্য হয়েছে।

পুরনো খবর:

‘তিন নেতাকে মুক্তি না দিলে হরতাল বাড়বে’