পরীক্ষায় অসদুপায়, শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা
প্রাথমিক শিক্ষক নির্বাচনী পরীক্ষা কেন্দ্রে অসদুপায় ও মোবাইল ব্যবহারের দায়ে সিরাজগঞ্জে দুই শিক্ষক ও পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় তিন বছর দায়িত্বপালনে বিরত থাকতে হবে। আর শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে। শিক্ষকরা হলেন- খাগা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সানোয়ার হোসেন এবং রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা জুলেখা ওবাইদা রেখা।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা জানান, শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে ওই দুই শিক্ষক মিলে ৫০টি প্রশ্নের উত্তর লিখে আঞ্জু মনোয়ারা নামে এক পরীক্ষার্থীকে দেন।
এসময় কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম তাদের হাতে নাতে ধরে ফেলেন। ওই পরীক্ষার্থীকে বহিষ্কার এবং শিক্ষকদের তিন বছরের জন্য সব নিয়োগ পরীক্ষায় দায়িত্ব থেকে স্থগিত রাখার আদেশ দেন তিনি।
এছাড়া সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে মোবাইল ব্যবহারের দায়ে আমিনুল ইসলাম, জিবু আকন্দ ও মনিরুল ইসলাম এবং জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অসদুপায় অবলম্বনের জন্য শারমীন সুলতানা নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
