২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ের কপি বিনামূল্যে চান ফাঁসির ১৩৯ আসামি

বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত ১৫২ জনের মধ্যে ১৩৯ জন রায়ের কপি বিনামূল্যে পেতে আদালতে আবেদন করেছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 08:02 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

আসামিদের পক্ষে শামীম সরদার, ফারুক আহম্মেদ, রমজান আলী, এমদাদুল হক লালসহ কয়েকজন আইনজীবী ফৌজদারি কার্যবিধির ৩৭১ ধারার বিধান অনুযায়ী বৃহস্পতিবার এই আবেদন করেন।

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামান আবেদনগুলোর ওপর শুনানি নিয়ে রোববার নাগাদ রায়ের অনুলিপি দেয়ার আশ্বাস দেন।

এই বিচারকই গত ৫ নভেম্বর ১৫২ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দেন। এছাড়া ৪২৩ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২৭১ জনকে খালাস দেয়া হয়।

দণ্ডিতদের মধ্যে ১৩৯ জন কারাগারে রয়েছে জানিয়ে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এদের কনডেম সেলে নেয়া হয়েছে।

রায়ের অনুলিপিপ্রত্যাশী আসামিদের আইনজীবী এমদাদুল হক জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত সব আসামির বিনামূল্যে রায়ের কপি পাওয়ার অধিকার আছে।

“কিন্তু প্রায় ৪ হাজার পৃষ্ঠার বিশাল রায় হওয়ায় কপি পেতে সময় লাগছে। রায়ের কপি পাওয়ার ৭ দিনের মধ্যে আপিল করা যাবে।”

আইনজীবী শামীম সরদার জানান, মৃত্যুদণ্ডে  দণ্ডিত ১৫২ আসামির মধ্যে ১৩ জন পলাতক আছেন। বাকি ১৩৯ আসামিই বিনামূল্যে রায়ের কপি পাওয়ার আবেদন করেছেন।

পলাতক আসামিরা গ্রেপ্তার কিংবা আত্মসমর্পণ না করা পর্যন্ত রায়ের অনুলিপির জন্য আবেদন করতে পারবেন না।

পুরনো খবর:

তারা এখন ‘কনডেম সেলে’