২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারা এখন ‘কনডেম সেলে’

পিলখানায় হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিতদের কনডেম সেলে নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 11:26 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

মঙ্গলবার দণ্ডাদেশ ঘোষণার পর আদালতের রায়ের অনুলিপি হাতে না পেলেও কারা কর্তৃপক্ষ রায় শুনেই এই পদক্ষেপ নিয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা পর্যন্ত আদালত থেকে কোনো কাগজ তাদের হাতে পৌঁছেনি।

“তবে যাদের মৃত্যুদণ্ড হয়েছে, তারা নিজেরাই তা বলার পর অন্যদের থেকে তাদের আলাদা করা হয়েছে,” বলেন তিনি।

জেলার জানান, ১৩৯ জনকে কনডেম সেলে নেয়া হয়েছে।

২০০৯ সালে বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় হত্যাকাণ্ডের মামলার রায়ে ১৫২ জনের মৃত্যুদণ্ডাদেশ হয়।

এর মধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত ১৩৯ জনকে কারাগারে পাওয়া গেছে বলে জানান মাহবুবুল ইসলাম।

“অবশ্য মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কেউ পলাতক থাকতে পারেন,” বলেন তিনি।

জেলার বলেন, ১৩৯ জনকে অন্য বন্দিদের থেকে আলাদা করে প্রতি তিনজনকে একটি কক্ষে রাখা হয়েছে।

বিডিআর হত্যা মামলায় যাদের মৃত্যুদণ্ডাদেশ হয়েছে, তাদের তালিকা বা রায়ের অনুলিপি না পাওয়ায় কিছু বিভ্রান্তি হচ্ছে বলে জানান কারা কর্মকর্তারা।

পুরনো খবর:

পিলখানা হত্যা: ১৫২ আসামির ফাঁসির রায়