২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানায় ছুটিতে গাজীপুরে বিক্ষোভ

গাজীপুরে কয়েকটি পোশাক কারখানায় ছুটি দেয়ায় বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 03:49 PM

Updated : 25 Apr 2022, 07:29 PM

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত কোণাবাড়ি, জরুন ও কাশিমপুর এলাকার কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে।

তিনি বলেন, মালিকপক্ষ শ্রমিকদের ন্যূনতম মজুরির সুপারিশ না মানায় গত মঙ্গলবার থেকেই গাজীপুরের বেশ কয়েকটি এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করছে।   

আবারো বিক্ষোভের আশঙ্কায় বৃহস্পতিবার সদর উপজেলার কাশিমপুরের ডিবিএল গ্রুপ, মণ্ডল গ্রুপ ও ডেল্টা গ্রুপসহ কয়েকটি কারখানায় এদিনের জন্য ছুটি ঘোষণা করে।

সকালে কাজে এসে ছুটির নোটিশ দেখে কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।

কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই মো. রবিউল ইসলাম জানান, একই কারণে সকালে কোনাবাড়ির স্ট্যান্ডার্ড গ্রুপ ও ইসলাম গ্রুপের কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এ সময় আশেপাশের কারখানার ফটকে গিয়ে বিক্ষোভ ও ইটপাটকেল ছুড়তে থাকে তারা।

পরে কোনাবাড়ি-জরুন সড়কে কয়েকটি গাড়ি ভাংচুর ও অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

কায়েক রাউন্ড কাঁদুনে গ্যাসের সেল ও রাবার বুলেট ছুড়ে এবং লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনাবাড়ি শিল্পাঞ্চলের যেসব কারখানা খোলা ছিল সেগুলোর অধিকাংশই বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করা হয়।

এদিকে গাজীপুরের বড়বাড়িতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের কার্যালয়ে বুধবার দুর্বৃত্তের হামলা ও ইউনিয়নের কয়েক নেতা আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা রয়েছে।   

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র বৃহস্পতিবার বিকালে বড়বাড়ি বাসস্ট্যান্ডের দক্ষিণে মেলার মাঠে সমাবেশের ঘোষণা দিলেও তা করতে দেয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, চলমান শ্রমিক অসন্তোষের কারণে সেখানে সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এ পরিস্থিতিতে গার্মেন্ট টিইউসির গাজীপুর জেলা কমিটির সভাপতি জিয়াউল কবীর খোকন জানিয়েছেন, পুলিশের নিষেধাজ্ঞার কারণে তারা মেলার মাঠে সমাবেশ না করে বোর্ড বাজার এলাকায় সমাবেশ করা সিদ্ধান্ত নিয়েছেন।

পরিবর্তিত স্থানে সমাবেশটি কখন শুরু হবে তা জানাননি তিনি। 

এদিকে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যালয়ে হামলা ও আহত হওয়ার ঘটনায় একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে সিপিবির গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল জানিয়েছেন।