২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা

খুলনায় মহানগরে এক যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 10:12 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া বাশতলা মোড়ে এ হামলায় নিহত হন সুমন (২৭)।

এ সময় আহত হন তিন যুবলীগকর্মী সোহাগ (২৮), তার ভাই ইমদাদুল হক মিলন (২৫) ও সুমন ( ২৬)। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলাকারীরা মিলনের মোটরসাইকেলটি জ্বালিয়ে দেয়।

আহত মিলন জানান, হরতালের সময় একটি ইজিবাইক ভাংচুর করা হয়। ওই ইজিবাইকের চালক মনিরুল ঘটনাটি সুমনসহ তার বন্ধুদের জানান।

বিষয়টি জানতে সুমনসহ তার ১০/১২ জন বন্ধু ঘটনা জানতে বসুপাড়া বিহারি কলোনির মোড় থেকে বাশতলার উদ্দেশে যাওয়ার সশয় ২৬নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মওলা শানুর ছোট ভাই ছোটনের নেতৃত্বে ৩০/৩৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তাদের আক্রমণ করে।

তাদের ধারালো অস্ত্রের আঘাতে যুবলীগকর্মী সুমন ঘটনাস্থলেই নিহত হন।

সুমন জানান, গত সিটি করপোরেশন নির্বাচনে তার বড়ভাই আওয়ামী লীগের সমর্থন নিয়ে ২৬নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন করেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে শত্রতা তৈরি হয়। সেই শত্রতা থেকে ওয়ার্ড কাউন্সিলর শানুর ছোট ভাই ছোটন এ হামলা চালিয়েছেন।

এ ব্যাপারে খুলনা মহানগর যুবলীগের আহ্বয়ক সরদার আনিসুর রহমান পপলু জানান, সন্ত্রাসীরা হামলা চালিয়ে যুবলীগের এক কর্মীকে হত্যা এবং আরও তিনজনকে আহত করেছে।

তিনি এ ঘটনার নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে সোনাডাঙ্গা থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, নিহত সুমনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত সম্পন্ন হবে। হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে।