২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সাম্প্রদায়িক হামলা: ঘটনাস্থলে মন্ত্রী

পাবনার সাঁথিয়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনাস্থল পরদির্শন করেছেন কয়েকজন মন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 08:59 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

বুধবার দুপুরে বনগ্রামের সাহাপাড়ায় আসেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের মহপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও র‌্যাবের মহাপরিচালক মোকলেসুর রহমান।

এ সময় তারা ক্ষতিগ্রস্ত সাহাপাড়া পরিদর্শন ও হিন্দু পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে তারা বনগ্রাম বাজারে এক সম্প্রীতি সমাবেশে বক্তব্য দেন।

দশম শ্রেণির এক যুবকের বিরুদ্ধে ফেইসবুকে মহানবীকে কটূক্তি করার অভিযোগ তুলে গত শনিবার সাহাপাড়া এবং বনগ্রাম বাজারে হিন্দুদের বাড়িঘর, মন্দির ও দোকনপাটে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় দুর্বৃত্তরা।

পরিদর্শন শেষে বনগ্রাম বাজারে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় যে সাম্প্রদায়িক গোষ্ঠী সংখ্যালঘুদের উপর হামলা করেছিল সেই গোষ্ঠীই এই হামলার জন্য দায়ী।

এদের মুল উদ্দেশ্য দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং ক্ষমতা গ্রহণ করা। তারা দেশে সম্প্রীতি চায় না।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, হিন্দু সম্প্রদায়সহ সকল নাগরিক সমাজের জানমালের নিরাপত্তায় আইনশৃংখলা বাহিনীকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। আপনারা নির্ভয়ে বসবাস করুন।

পুলিশে আইজি হাসান মাহমুদ খন্দকার বলেন, যতদিন এই এলাকার হিন্দু সম্প্রদায় নিরাপত্তাহীন মনে করবে ততদিন এই এলাকায় পুলিশী পাহারা বজায় থাকবে।

সাঁথিয়ার বনগ্রাম সাহাপাড়ার দশম শ্রেণির ছাত্র রাজীব সাহার (১৭) ফেইসবুক পাতায় মহানবীকে কটূক্তি করে স্ট্যাটাস দেয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার রাতে উত্তেজনা দেখা দেয়।

শনিবার রাজীব সাহার বাড়িসহ স্থানীয় হিন্দুদের অন্তত ৩৫টি বাড়ি, তিনটি মন্দির ও ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট চালানো হয়। এতে আতঙ্কিত হিন্দুরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়।

ওই ঘটনায় এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে আতাইকুলা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন করেন থানার এসআই আব্দুল হালিম।

এর আগে হামলার রাতেই কথিত কটূক্তিকারী রাজীব সাহার বাবা বাবলু সাহা ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ২০০/৩০০ জনের বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করেন।

এছাড়া আতাইকুলা থানা পুলিশ ৪০ জনের নাম উল্লেখ করে একটি মামলা করে ওই থানায়।

এ তিন মামলায় এ পর্যন্ত মোট নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।