গাজীপুরে হরতালের ৫ মামলা
গাজীপুরে বিএনপির নেতৃত্বাধীন জোটের দ্বিতীয় দফায় ৬০ ঘণ্টার হরতালে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় বিএনপি ও জামায়াতের ছয়শ’ নেতাকর্মীর বিরুদ্ধে পাঁচটি মামলা করেছে পুলিশ।
সোমবার সকালে শুরু হওয়া হরতালে জেলার বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় জয়দেবপুর থানায় তিনটি এবং টঙ্গী থানায় দুইটি মামলা হয়েছে।
জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালের আগের দিন রোববার সন্ধ্যায় ভোগড়া বাইপাস সড়কে হাতবোমা ও ইটপাটকেল ছুড়ে গাড়ি ভাংচুরসহ একটি বাসে অগুন দেয় হরতাল সমর্থকরা।
একই রাতে চান্দনা-চৌরাস্তা এলাকায় আরো একটি বাসে অগুন দেয় তারা।
এসব ঘটনায় ভোগড়া ফাঁড়ির এএসআই মো. শাহীন বাদী হয়ে জয়দেবপুর থানায় দুইটি মামলা দায়ের করেছেন। দুই মামলায় প্রত্যেকটিতে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ৭০/৮০ জনকে আসামি করা হয়।
অপরদিকে পরদিন সকালে হরতাল চলাকালে গাজীপুর জাতীয় আইন কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি কভার্ড ভ্যানে পিকেটারদের দেয়া আগুনে দগ্ধ হয় মনির হোসেন (১৬) নামের এক কিশোর।
এ ঘটনায় জয়দেবপুর থানার এসআই মো. হাফিজুর রহমান বাদী হয়ে ৫৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ২৫/৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
ওই তিনটি মামলায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
টঙ্গী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সোম ও মঙ্গলবার হরতালে গাড়ি ভাংচুর, হাত বোমার বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলার ঘটনায় টঙ্গী থানা পুলিশ বিএনপি-জামায়াতের ১৩৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো আড়াইশ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
