মোবাইল রিচার্জের টাকা চাওয়ায় হামলা
সিলেটে মোবাইল রিচার্জের টাকা চাওয়ায় একটি দোকানে ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপুরে দিকে নগরীর জল্লারপাড় এলাকায় এ ঘটনার পর বিজিত দাশ নামের এক যুবককে আটক ও পিটুনির পর পুলিশে দিয়েছে স্থানীয়রা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন বলেন, এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
হামলার শিকার জল্লারপাড়ের জনপ্রিয় টেলিকমের মালিক কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে বিজিত এসে তার মোবাইল একাউন্টে ২০ টাকা রিচার্জ করেন। রিচার্জ করার পর টাকা চাইলে বিজিত তার উপর চড়াও হয়।
এর কিছুক্ষণ পর রামদা ও দেশি অস্ত্রসহ ১০ থেকে ১২ জনকে নিয়ে বিজিত তার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে।
পরে স্থানীয় ব্যবসায়ীরা তাদের ধাওয়া করলে সবাই পালিয়ে যায়। কিন্তু বিজিতকে তারা রাম দাসহ আটক করে এবং পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
বিজিত দাশ নগরীর মির্জাজাঙ্গালের বাসিন্দা।
