বংশালে পুলিশের দিকে হাতবোমা
বিরোধী দলের হরতালের দ্বিতীয় দিন বিকালে রাজধানীর বংশালে পুলিশের ওপর অতর্কিত হামলা হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
লালবাগের কোতোয়ালি জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মো. জামাল পাশা জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ২০ থেকে ২৫ জন যুবক হঠাৎ পুরান বংশাল ক্রসিংয়ে এসে এলোপাতাড়ি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা পুলিশকে লক্ষ করে কাচের বোতল নিক্ষেপ করে।
পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে যুবকরা আশপাশের সরু গলিতে চলে যায় বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় পুলিশের কেউ আহত হয়নি।
প্রত্যক্ষদর্শী ফল বিক্রেতা ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হঠাৎ করে কয়েক যুবক আশপাশের সরু গলি থেকে বেরিয়ে এসে হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা একটি বস্তা থেকে কাচের বোতল বের করে পুলিশের দিকে ছুড়তে থাকে।
সহকারী পুলিশ সুপার বলেন, হামলাকারীদের ধরতে আশপাশের এলাকায় অভিযান চালানো হচ্ছে।
এদিকে প্রায় একই সময় নিকটবর্তী নয়াবাজারে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে পুলিশ জানায়।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে সোমবার সকাল থেকে সারা দেশে টানা ৬০ ঘণ্টার হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। হরতালের প্রথম দিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হাতবোমার ঘটায় বিরোধী দলের নেতাকর্মীরা।
