কুড়িগ্রামে ট্রেনে হামলা, চালক আহত
কুড়িগ্রামের উলিপুরে চলন্ত ট্রেনে হরতালকারীদের ছোড়া ঢিলে চালক আহত হয়েছেন। ঢিলে ভেঙে গেছে ট্রেনের ইঞ্জিনের সামনের ও জানালার কাচ।
উলিপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মিনাবাজার এলাকায় আন্তঃনগর লালমনি এক্সপ্রেসের সংযোগকারী ট্রেনে এ হামলা হয়।
উলিপুর থানার এসআই মুসা মিয়া বলেন, হামলার পর প্রায় ঘণ্টাখানেক ট্রেনটি ওই এলাকায় আটকে থাকার পর অসুস্থ অবস্থায় চালক ট্রেনটিকে গন্তব্যের দিকে নিয়ে যান।
পরিস্থিতি এখন শান্ত রয়েছে জানিয়ে তিনি বলেন, ট্রেনটিকে নিরাপদে গন্তব্যে যাওয়ার জন্য পুলিশ নিরাপত্তা দেয়।
লালমনি এক্সপ্রেস ঢাকা-লালমনিরহাট রুটে চলাচল করে। এর সংযোগকারী ট্রেনটি কুড়িগ্রাম রেলপথের সর্বশেষ স্টেশন রমনা থেকে তিস্তা স্টেশন পর্যন্ত যাত্রীদের আনা নেয়ার কাজ করে।
উলিপুর রেলওয়ে স্টেশন মাস্টার মঞ্জুর কাদের জানান, রমনা থেকে আসা তিস্তাগামী ট্রেনটি সকাল ১০টা ১০ মিনিটে উলিপুর স্টেশন ছেড়ে যায়।
ট্রেনটি উলিপুর স্টেশন থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে মিনাবাজারে পৌঁছালে হরতাল সমর্থকরা চলন্ত ট্রেনে এলোপাতাড়ি ঢিল ছুড়তে থাকে বলে ট্রেনের পরিচালক (গার্ড) হুমায়ুন কবির খান জানান।
তিনি বলেন, ঢিলের আঘাতে ইঞ্জিনের উইন্ড স্ক্রিন ও জানালার কাঁচ ভেঙে গেছে।
চালক রাজু আহমেদ জানান, ঢিলের আঘাতে মাথায় ব্যথা পাওয়ায় ট্রেন থামাতে বাধ্য হন তিনি। পরে ঘণ্টাখানেক পর ট্রেনটি নিয়ে গন্তব্যের উদ্যেশে রওনা হন।
এদিকে, বিএনপি-জামায়াত জোটের হরতালের দ্বিতীয় দিনে কুড়িগ্রামে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পোস্ট অফিস পাড়ায় জেলা বিএনপি কার্যালয়ে সমাবেশ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুলবাড়ী উপজেলা ডিগ্রি কলেজ মাঠ ও আদর্শ স্কুলের সামনে লাঠিসোটা নিয়ে জামায়াতের দুটি গ্রুপ উত্তেজনা সৃষ্টি করে। এসময় পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
অন্যদিকে শহরে হরতালবিরোধী মিছিল-সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের জেলা সভাপতি আমিনুল ইসলাম মণ্ডলসহ অন্য নেতারা ঘোষপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন।
