‘এক সপ্তাহের মধ্যে মন্ত্রীদের পদত্যাগ’
প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের জন্য এক সপ্তাহের মধ্যে মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেয়ার পর যারা সর্বদলীয় সরকারে থাকবেন, তাদের আর নতুন করে শপথের প্রয়োজন হবে না। আর যারা থাকবেন না তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে চলে যাবে।”
নির্বাচনের সময় নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে বিএনপি ও শরিকদের আন্দোলনের মধ্যেই যোগাযোগমন্ত্রীর এ বক্তব্য এলো।
দশম সংসদ নির্বাচনের আর কয়েকমাস বাকি থাকলেও নির্বাচনকালীন সরকার নিয়ে দুই প্রধান দলের মতদ্বন্দ্ব রয়েছে। বিএনপি সাবেক উপদেষ্টাদের নিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরানোর দাবি জানালেও ক্ষমতাসীন আওয়ামী লীগ সংবিধান সংশোধন করে অনির্বাচিতদের হাতে ক্ষমতা দিতে রাজি নয়।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলির সদস্য ওবায়দুল কাদের বলেন, “সর্বদলীয় সরকার সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের প্রতিনিধিদের নিয়েই করা হবে। আশা করছি বিরোধী দলের সদস্যরাও থাকবেন।”
চলতি নভেম্বরের তৃতীয় সপ্তাহের শেষে বা চতুর্থ সপ্তাহের শুরুতে এই ‘সর্বদলীয় সরকার’ গঠন করা হবে বলেও জানান তিনি।
অবশ্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৭ নভেম্বর শ্রীলঙ্কা থেকে ফিরে আসার পরই নির্বাচনকালীন ‘অন্তর্বর্তী সরকার’ গঠন করা হবে।
এর মধ্যে প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে আসার প্রস্তাব দিলেও বিএনপি বলেছে, সেই ধরনের সরকারে তারা অংশ নেবে না এবং নির্দলীয় সরকার না হলে নির্বাচনেও যাবে না তারা।
বিরোধী দলের এই প্রতিক্রিয়ার পর মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত সোমবার সংসদে বলেন, “আর লোক ক্ষয় নয়, রাজনৈতিক অস্থিতিশীলতা নয়। সংসদে আসুন, আপনার নেতৃত্বে সংসদীয় কমিটি গঠন করে অন্তর্বর্তী অথবা কেয়ারটেকার সরকার গঠন করব।”
