অন্তর্বর্তী সরকার: খালেদাকে যুক্ত করার প্রস্তাব সুরঞ্জিতের
নির্বাচনকালীন ‘অন্তর্বর্তী’ সরকারের রূপরেখা তৈরিতে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত খালেদা জিয়ার নেতৃত্বে সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
প্রধানমন্ত্রীর প্রস্তাব মেনে নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে বিএনপি যাবে না বলে জানানোর পর সোমবার সংসদে এই প্রস্তাব দেন সরকারদলীয় প্রবীণ এই সংসদ সদস্য।
সংসদে অনুপস্থিত বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে সুরঞ্জিত বলেন, “আর লোক ক্ষয় নয়, রাজনৈতিক অস্থিতিশীলতা নয়। সংসদে আসুন, আপনার নেতৃত্বে সংসদীয় কমিটি গঠন করে অন্তর্বর্তী অথবা কেয়ারটেকার সরকার গঠন করব।”
দশম সংসদ নির্বাচনের আর কয়েকমাস বাকি থাকলেও নির্বাচনকালীন সরকার নিয়ে দুই প্রধান দলের মতদ্বন্দ্ব রয়েছে।
বিএনপি নির্বাচনের সময় নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা চাইলেও সংবিধান সংশোধন করে অনির্বাচিতদের হাতে ক্ষমতা দিতে নারাজ আওয়ামী লীগ।
এর মধ্যে প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব দিলেও বিএনপি বলেছে, সেই ধরনের সরকারে তারা অংশ নেবে না এবং নির্দলীয় সরকার না হলে নির্বাচনেও যাবে না তারা।
সুরঞ্জিত বলেন, “আমরা সমঝোতার কাছাকাছি। আপনি বলছেন তত্ত্বাবধায়ক সরকার, আমরা বলছি অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার। আপনি বলছেন নির্দলীয়, আর আমরা বলছি সর্বদলীয়।”
নির্দলীয় সরকারের বিষয়ে আপত্তির পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, “গত তিন মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতায় দেখেছি, নির্দলীয় লোক আসলে নির্দলীয় থাকে না।”
বিরোধীদলীয় নেতার উদ্দেশে সুরঞ্জিত আরো বলেন, “আমরা বহুদিন বহুবার বলার পর রূপরেখা দিলেন। জনগণ স্বস্তির নিশ্বাস ফেলল। সংসদের বাইরে আলোচনার জন্য প্রধানমন্ত্রী প্রস্তাব দিলেন।
সংসদে সুরঞ্জিতের আগে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তোফায়েল আহমদ নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে বিএনপিতে যোগ দেয়ার আহ্বান জানান। হরতাল প্রত্যাহারের জন্যও বিরোধী দলকে আহ্বান জানান তিনি।
জাসদের মঈনউদ্দিন খান বাদল বিএনপি-জামায়েতের বিরুদ্ধে আওয়ামী লীগসহ সবাইকে অস্ত্র ধরার আহ্বান জানিয়ে বলেন, “আই অ্যাম মেন্টালি রেডি টু টেকআপ আর্মস।”
‘অন্তর্বর্তী মন্ত্রিসভা প্রধানমন্ত্রী ফেরার পর’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৭ নভেম্বর শ্রীলঙ্কা থেকে ফিরে আসার পরই নির্বাচনকালীন ‘অন্তর্বর্তী সরকার’ গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন,“প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা সফর থেকে ১৭ নভেম্বর ফিরবেন। তিনি ফেরার পর অন্তর্বর্তী সরকার গঠন হবে।”
সুরঞ্জিত একদিন আগেই জানান,অন্তর্বর্তী মন্ত্রিসভার গঠনের লক্ষ্যে বর্তমান মন্ত্রীরা অচিরেই পদত্যাগ করবেন। এরপর নির্বাচনকালীন সরকার গঠনের উদ্যোগ নেবেন প্রধানমন্ত্রী।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রী কিছু বলেছেন কি না-জানতে চাইলে মুহিত বলেন, “হ্যাঁ, নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন।”
নির্বাচনকালীন সরকারের বিষয়ে তিনি বলেন, “সর্বদলীয় সরকার হবে। এটা ছাড়া কিছু হবে না।”
নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী দলের সঙ্গে সংলাপ হবে বলেও আশা প্রকাশ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহিত।
