২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রসিকিউটর হায়দার আলীর বাড়ির দেয়ালে বিস্ফোরণ

তুরিন আফরোজের পর এবার যুদ্ধাপরাধ মামলার বিচারে সম্পৃক্ত আইনজীবী হায়দার আলীর বাড়িতে হাতবোমা ফাটানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 10:45 AM

Updated : 25 Apr 2022, 07:29 PM

রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবে খোদা জানান, বিএনপি-জামায়াত জোটের ডাকা হরতালের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর মিরপুরে ইস্টার্ন হাউজিং এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই প্রসিকিউটরের বাড়ির সীমানা প্রাচীরে এই হাতবোমা ফাটানো হয়।  

তিনি বলেন, “প্রসিকিউটর হায়দার আলীর বাসার পিছন দিকের দেয়ালে বোমা বিস্ফোরণের কথা জানিয়েছে তার পরিবার।”

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তিনি।

হায়দার আলীর প্রতিবেশী অনিন্দ্য শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে ফজরের নামাজের পর তাদের এলাকায় ওই বাসার সামনে বিকট শব্দ পাওয়া যায়।

১৮ দলীয় জোটের আগের হরতালের মধ্যে গত ২৭ অক্টোবর রাতে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের উত্তরার বাড়িতে বোমা ছোড়া হয়। এতে তার বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য আহত হন।

যুদ্ধাপরাধ মামলার চূড়ান্ত রায় দেয়া বিচারপতি এস কে সিনহার বাড়ির সামনেও বোমা ফাটানো হয়। আপিল বিভাগের যে বেঞ্চ যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় দিয়েছে, বিচারপতি সিনহা ওই বেঞ্চের সদস্য।

গত ২৬ অক্টোবর বিরোধী দলের টানা ৬০ ঘণ্টার হরতাল শুরুর আগের দিন আপিল বিভাগের ওই বিচারকের বাসায় বোমা ছোড়া হয়।

১৮ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী হরতালের সমর্থনে যে মিছিল বিভিন্ন স্থানে বের করছে, তাতে যুদ্ধাপরাধে দণ্ডিত কাদের মোল্লাসহ তাদের শীর্ষনেতাদের মুক্তির দাবি সম্বলিত ব্যানার দেখা গেছে সামনে।

সাম্প্রতিক হরতালের বিভিন্ন সময়ে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে কয়েকটি গণমাধ্যম কার্যালয়ের সমনেও। এসময় আহত হন কয়েকজন গণমাধ্যম কর্মী।