রাজশাহীতে শিবির-পুলিশ সংঘর্ষ, বোমা বিস্ফোরণ
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের প্রথম দিনের আগের রাতে রাজশাহীতে শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
সোমবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয় এলাকা ও মহানগরীতে এসব সংঘর্ষের সময় শিবিরকর্মীরা পুলিশের দিকে ইট-পাথর ছুড়ে। এসময় অন্তত পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে এবং ঘটনাস্থল থেকে তিন শিবিরকর্মীকে আটক করে।
মতিহার থানার ওসি আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, রাত ৮টার দিকে ইসলামী ছাত্র শিবিরের বেশ কিছু নেতা-কর্মী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা ফটকের সামনে জড়ো হয়ে রাজশাহী-ঢাকা সড়ক অবরোধ করে মিছিল বের করার চেষ্টা করে।
“নাশকতার আশঙ্কায় পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশের শিবিরকর্মীরা ইট-পাথর নিক্ষেপ করে। এই সময় অন্তত ৪-৫টি হাতবোমারও বিস্ফোরণ করা হয়।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়।
ঘটনাস্থল থেকে তিন শিবিরকর্মীকে আটক করা হয় বলে জানান তিনি।
এদিকে রাত পৌনে ৮টার দিকে হেতেম খাঁ এলাকায় হরতাল সমর্থনে মিছিল থেকে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে শিবির ও ছাত্রদল কর্মীরা।
বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গেলে তারা ইট-পাথর ছুড়ে। এসময় তারা অন্তত তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়।
ওসি আরো বলেন, রাত সোয়া ৭টার দিকে নগরীর শালবাগান এলাকায় মিছিল থেকে একটি অটোরিকশায় আগুন দেয় শিবিরকর্মীরা।
শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক জিয়াউদ্দিন বাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শান্তিপূর্ণ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ আমাদের ওপর হামলা করে।
“পৃথক এইসব ঘটনায় আমাদের ২০ নেতাকর্মী আহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে বেশ কয়েকজন।”
