দিনাজপুরে পুকুরে ‘তৈলাক্ত’ পদার্থ
দিনাজপুরের বিরল উপজেলায় একটি পুকুরে ‘কেরোসিনের গন্ধযুক্ত তৈলাক্ত’ পদার্থ নির্গত হওয়ার খবর পাওয়া গেছে।
পদার্থটি স্থানীয়ভাবে পরীক্ষা-নিরীক্ষার পর প্রাপ্ত ফলের ভিত্তিতে বিশেষজ্ঞ মতামত নেয়া হবে জানালেও এখনো কোনো উদ্যোগ নেয়নি জেলা প্রাশাসন।
জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক পর্যায়ে নির্গত পদার্থ স্থানীয়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তার রিপোর্টের ভিত্তিতে বিশেষজ্ঞ আনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
বিরল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম জানান, রোববার কলেজের পুকুরে কাজ করার সময় কয়েকজন শ্রমিক পানির উপর তৈলাক্ত পদার্থ ভেসে থাকতে দেখেন, যা থেকে কেরোসিনের গন্ধ বের হচ্ছিল।
“সেখানে গিয়ে দেখি, পুকুরের নিচ থেকে উপরের দিকে বেশ কয়েকটি জায়গায় বুদবুদ আকারে কিছু পদার্থ বের হচ্ছে,” বলেন আনোয়ারুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল খাইরুম পুকুরটি পরিদর্শন করে জেলা প্রশাসককে বিষয়টি জানিয়েছেন বলে জানান অধ্যক্ষ।
