এইচআরডব্লিউ: নোটিশের শুনানি ৮ ডিসেম্বর
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আদালত অবমাননার রুল শুনানির জন্য আগামী ৮ ডিসেম্বর দিন রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আদালতে এইচআরডব্লিউর পক্ষে ৮ সপ্তাহের সময় চান আইনজীবী মো. আসাদুজ্জামান। অন্য দিকে ইকোনোমিস্টের পক্ষে আইনজীবী ছিলেন না। আদালত স্বঃপ্রণোদিত হয়ে সময় বৃদ্ধি করে।
এইচআরডব্লিউর বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না- গত ২ সেপ্টেম্বর তা জানতে চেয়ে রুল জারি করে ট্রাইব্যুনাল।
যুক্তরাষ্ট্রভিত্তিক এ মানবাধিকার সংস্থার পরিচালনা পর্ষদ, সংস্থার এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস ও অ্যাসোসিয়েট স্টর্ম টিভকে তিন সপ্তাহের মধ্যে তিনটি সুনির্দিষ্ট বিষয়ে ট্রাইব্যুনালে ব্যাখ্যা দিতে বলা হয়।
বিষয় তিনটি হলো- গোলাম আযমের বিচার প্রক্রিয়া নিয়ে ‘অনৈতিকভাবে’ পাঁচটি অবৈধ মন্তব্য এবং আপিল বিভাগের বিচারাধীন দুটি মামলার বিষয়ে ‘মনগড়া’ মন্তব্য করা; ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ না করে ‘মনগড়া, ভিত্তিহীন, মিথ্যা ও দূরভিসন্ধিমূলক’ প্রতিবেদন প্রকাশ করে বিচারকদের ভূমিকা ও বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা; এবং ‘ইচ্ছাকৃত ও অনৈতিকভাবে’ প্রতিবেদন প্রকাশ করে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ট্রাইব্যুনালের বিচারকদের সুনাম ও মর্যাদাহানী ঘটানো।
এক বিবৃতিতে গোলাম আযমের বিচারকে ‘ত্রুটিপূর্ণ’ এবং বিচারকদের ‘পক্ষপাতদুষ্ট’ বলায় গত ২০ অগাস্ট এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার এই অভিযোগ আনে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
আদালতের ওই রায় নিয়ে প্রশ্ন তুলে গত ১৭ অগাস্ট ‘বাংলাদেশ: আযম কনভিকশন বেইজড অন ফ্লড প্রোসিডিংস’ শীর্ষক একটি বিবৃতি দেয় হিউম্যান রাইটস ওয়াচ, যাতে পাঁচটি অভিযোগও তুলে ধরে তারা।
বিবৃতিতে বলা হয়, গোলাম আযমের রায় দেয়ার আগে ট্রাইব্যুনাল নিজস্ব উদ্যোগে তদন্ত চালানোর যে কথা জানিয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী ট্রাইব্যুনাল তা পারে না। এ মামলায় সংশ্লিষ্ট বিচারক ও প্রসিকিউটররা পক্ষপাতদুষ্ট ছিলেন এবং সমঝোতার ভিত্তিতে রায় দিয়েছেন। আসামিপক্ষের সাক্ষীদের সুরক্ষা দিতে ট্রাইব্যুনাল ব্যর্থ হয়েছে এবং বিচারক প্যানেলেও পরিবর্তন আনা হয়েছে।
গোলাম আযমের রায়ে তাকে সন্দেহাতীতভাবে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে তথ্যপ্রমাণের অভাব ছিল বলেও এইচআরডব্লিউ মনে করে।
অন্যদিকে প্রবাসী আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে ট্রাইব্যুনাল-১ বিচারক নিজামুল হকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ করায় এবং এ বিষয়ে ওই বিচারককে টেলিফোনে প্রশ্ন করায় গত বছরের ৬ ডিসেম্বর ইকোনমিস্টের বিরুদ্ধে রুল জারি করে ট্রাইব্যুনাল।
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করায় ইকোনমিস্টের সম্পাদক ও দক্ষিণ এশিয়া ব্যুরো চিফের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে।
কথিত সেই কথোপকথন নিয়ে বিতর্কের মধ্যেই ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেন ট্রাইব্যুনালের তখনকার প্রধান বিচারপতি নিজামুল হক।
ওই রুলের বিষয়ে গত ১৮ জুলাই ইকোনমিস্ট ও প্রসিকিউশনের আইনজীবীদের শুনানি শেষ হয়।
ওই দিন ইকোনমিস্টের পক্ষে ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান বলেন, বিচারকের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করতে পারবে না- এমন কথা বাংলাদেশের কোনো আইনে নেই। সুতরাং ইকোনমিস্ট আদালত অবমাননা করেনি।
এর আগে গত ২৫ মার্চ আদালত অবমাননার বিষয়ে ইকোনমিস্টের পক্ষে লিখিত জবাব দেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
এর আগে গত ২৭ আগস্ট ও ২৬ সেপ্টেম্বর এ বিষয়ে আদেশের দিন রাখা হলেও পত্রিকাটির আইনজীবী আদালতে হাজির না হওয়ায় ট্রাইব্যুনাল আদেশের জন্য ৮ ডিসেম্বর এই নতুন দিন রাখেন।
