২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে সংঘর্ষ, বিস্ফোরণ, বোমাবাজি

বিএনপি নেতৃত্বাধীন জোটের টানা তিনদিন হরতালের প্রথমদিন সোমবার বিভাগীয় শহরসহ বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, সংঘর্ষ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।   

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 05:47 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

পুলিশ কয়েকজন পিকেটারকে আটকও করেছে।

নির্দলীয় সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সোম থেকে বুধবার পর্যন্ত ৬০ ঘণ্টার হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।

বিভিন্ন স্থান থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

রাজশাহী

নগরীতে ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধওয়া হয়েছে। এ সময় পুলিশের উপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। তবে, এতে কেউ আহত হয়নি।

বোয়ালিয়া মডেল থানার ওসি জানান, পৌনে ১২টার দিকে রাজাহাতায় শাহী মসজিদের সামনে ছাত্রদল কর্মীরা হরতাল সমর্থনে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় পুলিশ এগিয়ে গেলে ছাত্রদল কর্মীরা পুলিশকে লক্ষ্য করে দুইটি হাতবোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে।

পুলিশ পাল্টা রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এক ছাত্রদলকর্মীকে আটকও করা হয়।

ছয় পিকেটার আটক

শহামাখদুম থানার ওসি হাফিজুর রহমান জানান, ১১টার দিকে পিকেটংয়ের সময়  নওদাপাড়া আম চত্বর মোড় থেকে ছয় জনকে আটক করা হয়েছে।

সিলেট

সকালে নগরীর চৌহাট্টা থেকে হরতালের সমর্থনে বের করা একটি মিছিল থেকে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে পিকেটাররা।

এর আগে জেলা ও মহানগর বিএনপি, জামায়াতে ইসলামী, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, ছাত্রশিবির নগরীতে পৃথক মিছিল করে ।

সকাল থেকে নগরীতে কিছু সিএনজি চালিত অটোরিকশা ও রিকশা চলাচল করলেও ভারি যানবাহন চলেনি।

নগরীর সব বিপনি কেন্দ্র, মার্কেট ও দোকান বন্ধ রয়েছে।

সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

তবে যথাসময়ে ট্রেন ছেড়ে গেছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো আয়ুব  জানান, কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

খুলনা

নগরীর বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বেলা সাড়ে ১১টায় মিছিলটি পিকচার প্যালেস মোড় অতিক্রম করে দলীয় কার্যালয়ের সামনে যাওয়ার পথে আজমল প্লাজা, হোটেল গোল্ডেন কিংয়ের নিচে একটি হোটেলসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করে।

কয়েকজন দোকান কর্মচারীকে মারধরও করে তারা।

সদর থানার ওসি মো. শাহবুদ্দীন আজাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পাবনা

সকালে পিকেটাররা ঢাকা-পাবনা, পাবনা-রাজশাহী ও পাবনা-কুষ্টিয়া মহাসড়কে বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে।

এদিকে, নাশকতার পরিকল্পনার অভিযাগে পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার গোলাপবাগের একটি ছাত্রাবাস থেকে ইসলামী ছাত্র শিবিরের ১৪ জনকে আটক করেছে পুলিশ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম জানান, জামায়াত ও শিবির সন্দেহে এদের আটক করা হয়। তাদের যাচাইবাছাই চলছে।

হরতালকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ মোড় গুলিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানান।

কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। 

সাতক্ষীরা

সাতক্ষীরা-যশোর সড়কে কদমতলা বাজারে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে জামায়াত-শিবিরকর্মীরা। তারা এ সময় মিছিল ও সমাবেশ করেছে।

শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। দোকানপাট বেশিরভাগ বন্ধ থাকে।

ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও পণ্যবাহী কোনো পরিবহন বন্দর ছেড়ে যায়নি।

সদর থানার ওসি এনামুল হক জানান, শহরে পুলিশ, র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিজিবি টহল চলছে।

রংপুর

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে ছাত্রদল।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাহজাহান আলী মণ্ডল বলেন, বেলা দেড়টার দিকে ছাত্রদল ক্যাম্পাসে হরতালের সমর্থনে মিছিল বের করে। এক পর্যায়ে মিছিল থেকে প্রশাসনিক ভবনের সামনে দুটি হাতবোমা বিস্ফোরিত হয়।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, হাতবোমা বিস্ফোরণের পর ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে’।

এদিকে একই সময়ে বিশ্ববিদ্যালয়ের সামনে দুটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা।

ফেনী

ফেনীর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক রাশেদ খাঁন চৌধুরী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শিবির সমর্থকরা শহরের কসমোপলিটন হাসপাতালের সামনের সড়কে ইট ফেলে অবরোধ দেয়। এ সময় তারা একটি ঝটিকা মিছিল করে অন্তত ১৮টি হাতবোমর বিস্ফোরণ ঘটায়।

এ সময় ছাত্রলীগ সমর্থকরা তাদের ধাওয়া করলে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। পরে পুলিশ এসে শটগানের গুলি ও টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় হাতবোমার স্প্লিন্টারের আঘাতে আয়কর আইনজীবী মঞ্জুর মাসুদ আলমসহ ছয় জন আহত হয়। আহত আইনজীবীকে একটি বিসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে এক শিবিরকর্মীকে আটক করেছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সকাল ১০টার দিকে শিবিরকর্মীরা শহরের ট্রাংক রোডের বড় মসজিদের সামনে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ভাংচুর করেছে।

শহরের অধিকাংশ দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। রিকশা, সিএনজি অটোরিকশা চললেও ভারি যানবাহন চলাচল করেনি।

তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাগেরহাট

জামায়াতে ইসলামীর মিছিল পুলিশের লাঠিপেটার অভিযোগ করেছে জামায়তে ইসলামী। এছাড়া খুলনা-মংলা মহাসড়কে উপজেলার ফয়লা বাসস্ট্যান্ড এলাকা থেকে পরে জামায়াত ও শিবিরের দুই কর্মীকে আটক করা হয়।

বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ আব্দুল ওয়াদুদ বলেন, হরতালের সমর্থনে জামায়াত ও ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করেছে।

মিছিলে লাঠিপেটার অভিযোগ অস্বীকার করে রামপাল থানার ওসি কাজী দাউদ হোসেন বলেন, লাঠিসোটা হাতে জড়ো হয়ে মিছিলের চেষ্টা করলে পুলিশ জামায়াত ও শিবিরের দুই কর্মীকে আটক করে।

চাঁদপুর

সকাল ১০টায় চাঁদপুর সদরের টোলপ্লাজা এলাকায় রেললাইনে আগুন দিয়েছে পিকেটাররা। পরে পুলিশ এসে আগুন নিভিয়ে দেয়।

এছাড়া চাঁদপুর-কুমিল্লা সড়কসহ বিভিন্ন স্থানে টায়ারে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে পিকেটাররা।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, জেলায় হরতালে পিকেটিংকালে পুলিশ একজনকে আটক করেছে। জেলা শহরসহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

বান্দরবান

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের  সামনে পিকেটিং করার সময় পুলিশ বিএনপির দুই কর্মীকে আটক করেছে।

এছাড়া সকালে মিছিল করার সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

সকাল থেকে দূরপাল্লার কোনো যান ছেড়ে যায়নি। শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অফিস-আদালত খোলা ছিল।

বরগুনা

বরগুনার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, হরতালকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগে ১২ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জামালপুর

শহরের দেওয়ানপাড়ায় প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে ছাত্রদল সমর্থকরা। এছাড়া বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিলও করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদল।