গজারিয়ায় দুইদিন ধরে বিদ্যুৎ নেই
দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর বিদ্যুতের টাওয়ারের তার ছিঁড়ে যাওয়ায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় দুইদিন ধরে বিদ্যুৎ নেই।
রোববার সকাল ৯টায় বিদ্যুতের টাওয়ারের তার ছিঁড়ে গেলে উপজেলার ৯টি ইউনিয়নের ১৩৩টি গ্রাম বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।
সোমবার বিকাল ৪টা পর্যন্তও আলো আসেনি উপজেলাটিতে।
ফলে উপজেলার অফিস-আদালত, স্কুল-কলেজের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বন্ধ রয়েছে কল-কারখানার উৎপাদন। সবচেয়ে বিপাকে পড়েছে জেএসসি এবং জেডিসি পরীক্ষার্থীসহ শিক্ষার্থীরা।
গজারিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. রফিকুল ইসলাম জানান, রোববার থেকেই জরুরি মেরামতের কাজ চলছে। তবে টাওয়ারটির উচ্চতা সাড়ে ৩’শ ফুট হওয়ায় এবং নিচে পানি থাকায় নৌকা দিয়ে কাজ করতে হচ্ছে। ফলে সময় অনেক বেশি লাগছে।
তিনি বলেন, কবে নাগাদ মেরামত সম্ভব হবে তা বলা যাচ্ছে না। তবে, যত দ্রুত সম্ভব মেরামতের চেষ্টা করা হচ্ছে।
