২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশ খুনের মামলায় আসামি ১৯

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহতের  ঘটনায় ১৯ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 03:58 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

এদের মধ্যে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

তারা হলেন- সুমন, আরসেল, মিন্টু, বাবুল, হাসান, নিজাম, সোহেল, তপন চন্দ্র নাথ, নুরুল আলম, জাবেদ ও হারুনুর রশিদ।

আসামিরা সবাই নগরীর টাইগারপাস আমবাগান এলাকার বাসিন্দা বলে খুলশী থানার ওসি মাঈনুল ইসলাম জানান।

তবে ঘটনার পর একদিন পেরোলেও সোমবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ওসি জানান, চট্টগ্রাম অঞ্চলের ডিআইজি নওশের আলী খানের বাংলোর নিরাপত্তার দায়িত্বে থাকা এএসআই মো. আসাদুজ্জামান বাদি হয়ে খুলশী থানায় এ মামলা করেন।

রোববার বেলা ১১টার দিকে টাইগারপাস সংলগ্ন ডিআইজি বাংলোর দিকে পাহাড়ের কাছে ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছরিকাঘাতে রিজার্ভ ফোর্সের কনস্টেবল আবদুল কাইয়ুম (২৩)নিহত হন। ধারালো অস্ত্রের আঘাতে আহত হন আরো তিন কনস্টেবল। 

ওসি মাঈনুল বলেন, মামলায় ১১ জনের নাম উল্লেখ করে হত্যা ও ডাকাতির অভিযোগ আনা হয়েছে। অজ্ঞাত পরিচয় আটজনকে আসামি করা হয়েছে।

আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।