পাবনায় সাম্প্রদায়িক সহিংসতায় গ্রেপ্তার আরো ৮
ফেইসবুকে কটূক্তি করার অভিযোগ তুলে পাবনার সাঁথিয়া উপজেলায় হিন্দু বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলার ঘটনায় আরো আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আতাইকুলা থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে সাঁথিয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- সাঁথিয়া উপজেলার ভৈরবপুর গ্রামের মৃত আব্দুল আজিজ মোল্লার ছেলে হেলাল উদ্দিন মোল্লা ওরফে বড় গেদা (৪৮), গাঙ্গুহাটি ক্লাব এলাকার জানু মিয়ার ছেলে জনি মিয়া (২০), একই এলাকার ইদ্রিস আলীর ছেলে মিলন হোসেন খান (৩০), বনগ্রামের দবির বিশ্বাসের ছেলে দাউদ আলী বিশ্বাস (৪৩) ও রেজাউল করিম বিশ্বাস (৩০), আতাইকুলা থানার বামনডাঙ্গা গ্রামের মোজাহার হোসেনের ছেলে মোজাইয়ের ছেলে রুবেল (২২), মিয়াপুর গ্রামের রমজান কসাইয়ের ছেলে আলমগীর হোসেন (২২) ও করমজা মধ্যপাড়ার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে সরোয়ার হোসেন (৩৫)।
এছাড়া রোববার বিকেলে গৌরীগ্রামের কসিম উদ্দিনের ছেলে রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সবাই ওই ঘটনা দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি এবং বিএনপি ও জামায়াতের কর্মী বলে ওসি রেজাউল করিম জানান।
উপজেলার বনগ্রাম এলাকার দশম শ্রেণির ছাত্র রাজীব সাহার (১৭) ফেইসবুক পাতায় নবীকে কটূক্তি করে স্ট্যাটাস দেয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়লে শুক্রবার রাতে উত্তেজনা দেখা দেয়।
পরদিন রাজীব সাহার বাড়িসহ স্থানীয় হিন্দুদের অন্তত ৩৫টি বাড়ি, তিনটি মন্দির ও ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট চালানো হয়।
কথিত কটূক্তিকারী রাজীবের বাবা বাবলু সাহা সকালে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৩০০ জনকে আসামি করে আতাইকুলা থানায় মামলা করেন।
এদিকে হাই কোর্ট রোববার এক আদেশে পাবনার সাম্প্রদায়িক হামলার ঘটনায় দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেয়।
এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুন্সি মুনিরুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে দুই বান্ডিল টিন, ৩০ কেজি চাল ও পাঁচ হাজার করে টাকা দেয়া হয়।
