২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় আগুন জ্বালিয়ে রেল অবরোধের চেষ্টা

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিন ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেছে পিকেটাররা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 01:23 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

সোমবার সকাল ১০ টার দিকে শহরের কলেজপাড়া সংলগ্ন রেললাইনে েএ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলে।

সদর থানার ওসি আবদুর রব জানান, টায়ারে আগুন দেয়ার খবর পেয়েই পুলিশ তৎপর হওয়ায় লাইনের ক্ষতি হয়নি। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।

তবে সকাল ৭টার দিকে চিনাইর গ্রাম এলাকায় রেলপথের ফিসপ্লেট ভেঙে যাওয়ায় ঢাকা-চট্রগ্রাম ট্রেন চলাচল প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, এটি নাশকতা নয়, কারিগরি কারণেই ফিস প্লেট ভেঙ্গে গিয়েছিল বলে তাদের ধারণা।

তিনি জানান, আনসার সদস্যরা ফিসপ্লেট ভাঙা দেখে রেল লাইনে লাল পতাকা উড়িয়ে দেন। পরে রেলের প্রকৌশল বিভাগের কর্মীরা এসে লাইন মেরামত করলে সকাল সোয়া ৮টার দিকে চলাচল স্বাভাবিক হয়।

হরতালের প্রথম প্রহরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়কে হরতাল সমর্থনে খণ্ড মিছিল করে। শহরে সব ধরনের ভারি যান চলাচল বন্ধ রয়েছে।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অব জহিরুল হক খান বীর প্রতীকের মৃত্যুতে হরতালের মধ্যে শোক র‌্যালি বের করে জেলা আওয়ামী লীগ।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজি চালিত অটোরিকশা চলাচলে বাধা দেয়ায় হরতালকারী ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হন।

বিজনয়নগর থানার ওসি রসুল নিজামী জানান, একটি অটোরিকশা মির্জাপুর থেকে চান্দুরা যাবার পথে পিকেটাররা চালককে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে অটোরিকশা শ্রমিকরা হরতালকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

এ সময় ৫ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়া হরতালের আগে ও পরে জেলার বিভিন্নস্থান থেকে বিএনপির ২ কর্মীকে আটক করেছে পুলিশ।