গোলাম সারওয়ারকে গ্রেপ্তারে পরোয়ানা
এক দশক আগে বিএনপি নেতা মির্জা আব্বাসের করা মানহানির দুই মামলায় সাংবাদিক গোলাম সারওয়ারকে গ্রেপ্তারে পরোয়ানা জারি হয়েছে।
দৈনিক যুগান্তরের সম্পাদক হিসেবে গোলাম সারওয়ারের বিরুদ্ধে রোববার এই পরোয়ানা জারি করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলমগীর কবির রাজ।
গোলাম সারওয়ার বর্তমানে দৈনিক সমকালের পত্রিকার সম্পাদক। আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এই আদেশ হয়েছে।
এই দুই মামলায় যুগান্তরের মালিক যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ও প্রকাশক (বর্তমানে সম্পাদকও) সালমা ইসলামও আসামি। তারা আদালতে হাজির ছিলেন।
মামলার বাদী মির্জা আব্বাসের সাক্ষ্য নিয়ে দুই মামলার একটিতে অভিযোগ গঠন এবং অন্যটিতে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী বছরের ২৯ জানুয়ারি তারিখ ধার্য করেন বিচারক।
যুগান্তরের সাবেক সম্পাদক গোলাম সারওয়ারের পক্ষে তার আইনজীবী সময়ের আবেদন করলে সে আবেদন নাকচ করেন বিচারক।
আইনজীবী মো. আব্দুল বারী আবেদনে বলেন, গোলাম সারওয়ার ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন।
বাদী পক্ষের আইনজীবী মকবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোলাম সারওয়ার সামনের তারিখে আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়ে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।”
মির্জা আব্বাস একটি মামলা করেন ২০০৩ সালে, ওই বছরের ৩০ অক্টোবর যুগান্তরে ‘এক মন্ত্রীর ইন্ধনে পরিবহন সেক্টরে নতুন সংগঠন হচ্ছে :চাঁদাবাজি শুরুর পাঁয়তারা’ শিরোনামের প্রতিবেদনকে কেন্দ্র করে।
অন্য মামলাটি করেন ২০০২ সালে, ওই বছরের ৬ নভেম্বর যুগান্তরে ‘কালা ফারুককে বিদেশ পাঠানোর উদ্যোগ নেয় এক মন্ত্রী’ ও ‘গড ফাদারদের নাম প্রকাশের আগেই মারা গেল কালা ফারুক’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন নিয়ে।
ওই দুটি প্রতিবেদনের মাধ্যমে মির্জা আব্বাসকে হেয় করা হয়েছে অভিযোগ তুলে মানহানির মামলা দুটি হয়।
