সিএমপির কয়েকটি পদে রদবদল
বিরোধীদলের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের আগের দিন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার ও সহকারী কমিশনারের কয়েকটি পদে রদবদল হয়েছে।
রোববার সিএমপি কমিশনার এক আদেশে এ রদবদল করেন।
এ আদেশের অংশ হিসেবে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার থেকে সিএমপিতে বদলি হয়ে আসা বাবুল আক্তারকে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার করা হয়েছে।
একই দায়িত্বে থাকা অনিন্দিতা বড়ুয়াকে অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) করা হয়েছে। এই পদে আগে থাকা উত্তম কুমার পাল বদলি হয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে।
সিএমপি’র অতিরিক্ত কমিশনার (ট্রাফিক, অর্থ ও প্রশাসন) শহীদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন পদে রদবদল করা হয়েছে।
এছাড়া অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মনজুর মোরশেদকে দক্ষিণ বিভাগের একই পদে বদলি করা হয়েছে। এই পদে আগে থাকা মোস্তাক আহমেদকে অতিরিক্ত উপ-কমিশনারকে বন্দরে বদলি করা হয়েছে।
এছাড়া সহকারী কমিশনার-ট্রাফিক হাসানুজ্জামান মোল্লাকে ডবলমুরিং জোনের একই পদে, সহকারী কমিশনার (সাপ্লাই) হিসেবে থাকা পলাশ কান্তি নাথকে সহকারী কমিশনার (ফোর্স) হিসেবে বদলি করা হয়েছে।
