হরতালে নিরাপত্তায় থাকছে বিজিবিও
বিরোধীদলের টানা ৬০ ঘণ্টার হরতালের আগের দিন আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য বাহিনীর পাশাপাশি রাজধানীতে বিজিবিও মোতায়েন করা হয়েছে।
রোববার সন্ধ্যার পর থেকে রাজধানীর রাস্তায় বিজিবি নামে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মহসীন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এরই মধ্যে হরতালের আগের দিন রাজধানীর মতিঝিল, মিরপুর, তেজগাঁও, গুলশান, মহাখালী, কাঁটাবন ও গুলিস্তানে পাঁচটি গাড়ি পোড়ানো হয়েছে।
এদিকে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।
পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও অভিযান চালাবে বলে জানান তিনি।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত সপ্তাহে তিন দিন হরতাল করার পর সোমবার থেকে বুধবার আরো তিন দিনের হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দল।
