জয়পুরহাটে আ. লীগ নেতাকে কুপিয়েছে ‘শিবির’
জয়পুরহাট সদরে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত-শিবির কর্মীদের বিরুদ্ধে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে আমদই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আমদই কলেজের প্রভাষক মনোয়ার হোসেনের উপর এ হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
গুরুতর আহত মনোয়ারকে জয়পুরহাট জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম জানান, বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট আমদই কলেজ থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মনোয়ার।
পথে আমদই বাজারের কাছে মুখোশধারী জামায়াত-শিবির কর্মীরা মনোয়ারের গতিরোধ করে এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়।
কয়েক দিন আগে জামায়াত-শিবির কর্মীরা জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উজ্জ্বলকেও একই কায়দায় কুপিয়ে জখম করে।
