মধ্যপাড়া কঠিনশিলা খনির নিরাপত্তায় ‘হুমকি’
দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া কঠিনশিলা খনির নিরাপত্তায় হুমকির অভিযোগে দুই শ্রমিককে অপসারণ এবং চার আনসারকে প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ ব্যবস্থা নেয়া হয় বলে খনি কর্তৃপক্ষ জানিয়েছে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার (অপারেশন) মীর আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্প্রতি রংপুর বিভাগীয় কমিশনারের নেতৃত্বে কেপিআই নিরাপত্তা কমিটি খনির নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন।
ওই সময় নিরাপত্তা কমিটি খনির ৯৫ জন কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের একটি তালিকা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের (ন্যাশনাল সিকিউরিটি ইনটেলিজেন্স) কাছে পাঠায়।
পরবর্তীতে এনএসআইয়ের রিপোর্টের ভিত্তিতে শ্রমিক কামরুজ্জামান ও তাইফুরকে ৩১ অক্টোবর সকালে চাকরি থেকে অপসারণ করা হয়। একই রিপোর্টের ভিত্তিতে খনির নিরাপত্তায় নিয়োজিত চার আনসারকে প্রত্যাহার করা হয়।
