২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫৪ পৃষ্ঠার রায়

একাত্তরের দুই ‘বদর নেতা’ আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনের যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণা শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 11:17 AM

Updated : 23 Aug 2022, 07:12 PM

রোববার সকাল ১১টায় এ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে রায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। 

এরপর ১৫৪ পৃষ্ঠার এই রায়ের ৪১ পৃষ্ঠার সংক্ষিপ্তসারের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারপতি শাহিনুর ইসলাম।

ট্রাইব্যুনালের অপর বিচারক মো. মুজিবুর রহমান মিয়া রায়ের দ্বিতীয় অংশ পড়ার পর ট্রাইব্যুনাল প্রধান  বিচারপতি ওবায়দুল হাসান সাজা ঘোষণা করবেন।

সূচনা বক্তব্যে ট্রাইব্যুনাল প্রধান বলেন, “এ মামলার দুই আসামি পলাতক। রায়ের পর নিয়ম অনুযায়ী প্রসিকিউশন ও অ্যাটর্নি জেনরারেলকে রায়ের সোর্টিফায়েড কপি দেয়া হবে। আসামিপক্ষ রায়ের কপি চাইলে আগে তাদের আত্মসমর্পণ করতে হবে।”

একাত্তরে বাঙালি জাতিকে মেধাশূন্য করার নীলনকশা তৈরি ও তা বাস্তবায়নে মূল ভূমিকা রাখার অভিযোগ রয়েছে তখনকার আলবদর নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনের বিরুদ্ধে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সেই দিনগুলিতে তারা দুজনেই জামায়াতে ইসলামীর তখনকার সহযোগী সংগঠন ইসলামী ছাত্রসংঘের নেতা ছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ‘সক্রিয় অবস্থান’ নেন।

স্বাধীনতার ঠিক আগে ১৯৭১ সালের ১১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ‘দায়িত্বপ্রাপ্ত’ আলবদর বাহিনীর ‘চিফ এক্সিকিউটর’ ছিলেন আশরাফুজ্জামান খান। আর চৌধুরী মুঈনুদ্দীন ছিলেন সেই পরিকল্পনার ‘অপারেশন ইনচার্জ’।

রায়কে ঘিরে সকাল থেকেই সুপ্রিম কোর্ট সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশেপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রধান প্রবেশ পথে দুই সারিতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ।

পুলিশের রমনা অঞ্চলের উপ কমিশনার মারুফ হোসেন সরদার বলছেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা তৎপর আছেন।

পুরনো খবর:

বুদ্ধিজীবী হত্যা: দুই ‘বদর নেতার’ রায়ের অপেক্ষা
বুদ্ধিজীবী হত্যার ১১ অভিযোগ আশরাফ-মুঈনুদ্দীনের বিরুদ্ধে