২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অব্যবস্থাপনায় ভেস্তে যাচ্ছে ন্যাশনাল সার্ভিস’

পরিকল্পনা ও বাস্তবায়নের সীমাবদ্ধতা, রাজনৈতিক প্রভাব এবং অনিয়ম ও দুর্নীতির কারণে বেকার যুবকদের জন্য সরকারের নেয়া ‘ন্যাশনাল সার্ভিস’ কর্মসূচি প্রায় অকার্যকর হয়ে পড়েছে বলে টিআইবির এক গবেষণায় বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 10:50 PM

Updated : 25 Apr 2022, 07:28 PM

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি)শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে এক সংবাদ সম্মেলনে এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করে।

তবে এ কর্মসূচির মাধ্যমে কিছু উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে বলেও প্রতিবেদনে বলা হয়। তাই এই কর্মসূচির কার্যকারিতা বাড়াতে ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছে আন্তর্জাতিক এ মানবাধিকার সংস্থা।

‘ন্যাশনাল সার্ভিস কর্মসূচি:সুশাসনের সমস্যা ও উত্তরণের উপায়’ শিরোনামের এই গবেষণা প্রতিবেদনে কর্মসূচিকে সফল করতে ১৩টি সুপারিশও প্রস্তাব করা হয়েছে।

টিআইবির চেয়ারম্যান সুলতানা কামাল ও নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের উপস্থিতিতে সংস্থার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (রিসার্চ অ্যান্ড পলিসি) নীনা শামসুন নাহার গবেষণা প্রতিবেদনের সারাংশ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় বর্তমানে দেশের ১৯টি উপজেলায় কার্যক্রম চলছে। এরমধ্যে ১১টি উপজেলা থেকে দৈবচয়নের ভিত্তিতে গবেষণার জন্য তথ্য সংগ্রহ এবং তা বিশ্লেষণ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, কর্মসূচির সফলতার মধ্যে সুবিধাভোগীদের পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক সচেতনতা বৃদ্ধি; সামাজিকভাবে তাদের সম্মান, গুরুত্ব ও যোগাযোগ বৃদ্ধি; নারীর বাইরে এসে কাজ করার মানসিকতা তৈরি; সরকারি বিভিন্ন বিভাগে কর্মচাঞ্চল্য সৃষ্টি; সুবিধাভোগীদের আর্থিক অবস্থার উন্নয়ন ও জীবনযাত্রার ধরনে ইতিবাচক পরিবর্তন; এর আওতায় পাওয়া অর্থ বিনিয়োগ করে ব্যবসার সম্প্রসারণ ও সঞ্চয় বৃদ্ধি; প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও জ্ঞান অর্জন এবং বিকল্প আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ইত্যাদি রয়েছে।

তবে এ কর্মসূচির পরিকল্পনা, সুবিধাভোগীদের নির্বাচন প্রক্রিয়া, প্রশিক্ষণ কার্যক্রম, নিয়োগ প্রক্রিয়া এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে বলে গবেষণায় বেরিয়ে এসেছে।

এছাড়া নিয়ম-বহির্ভূত অর্থ লেনদেনসহ অন্যান্য ক্ষেত্রেও অনিয়মের কথা বলা হয়েছে প্রতিবেদনে।

এতে বলা হয়, বেকারত্ব ঘোচাতে এ কর্মসূচি একটি ইতিবাচক উদ্যোগ। তবে এতে অংশগ্রহণ এবং সুবিধা পাওয়ার ক্ষেত্রে যোগসাজশ ও ক্ষেত্রবিশেষে নিয়ম-বহির্ভূত অর্থের বিনিময় হয়।

তাছাড়া অংশগ্রহণকারী পরিবারগুলোর কর্মসূচির ওপর আর্থিক নির্ভরতা তৈরি হওয়ায় হঠাৎ এ কর্মসূচি শেষ হলে বেকারত্ব বেড়ে যাওয়া, সামাজিক অস্থিরতা ও অপরাধ বৃদ্ধি এবং শিক্ষার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে টিআইবির চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, প্রকল্প বাস্তবায়নে বিপুল অর্থ ব্যয় হলেও দীর্ঘমেয়াদি লক্ষ্য ও উদ্দেশ্যের অভাবে কর্মসূচিটি সঠিকভাবে বাস্তবায়ন হয়নি।

“কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে এ ধরনের কর্মসূচি গ্রহণকালে দীর্ঘমেয়াদি লক্ষ্যের পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে কার‌্যকর ও নিরপেক্ষ মূল্যায়ন এবং পরিবীক্ষণের ওপর বিশেষ নজর দেয়া প্রয়োজন।”

সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “একটি রাজনৈতিক প্রতিশ্রুতি থেকে এ প্রকল্পের যাত্রা শুরু হয়। ফলে প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয়নি।”

এ প্রকল্প চালু থাকলে পরবর্তীতে একে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

সঠিক ও নিরপেক্ষভাবে কর্মসূচি বাস্তবায়ন করা গেলে উল্লেখযোগ্য সংখ্যক জনগোষ্ঠী বিশেষ করে যুবকদের কর্মসংস্থানে এটি বিশেষ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে টিআইবির উপ-নির্বাহী পরিচালক ড. সুমাইয়া খায়ের এবং গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মো. রফিকুল হাসান উপস্থিত ছিলেন।

বেকারদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০০৯-১০ অর্থবছরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সরকারের অনুমোদন পায়।

এরপর ২০১০ সালে কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জে পাইলট প্রকল্প আকারে এ কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়। এতে গত তিন অর্থবছরে মোট ৮১৬ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।