সিলেটে হকার-ব্যবসায়ী ধাওয়া পাল্টা ধাওয়া
সিলেট নগরীতে ফুটপাত থেকে উচ্ছেদ হওয়ার পর ক্ষুব্ধ হকারদের সঙ্গে ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টায় বন্দরবাজারের মধুবন সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এ সময় ব্যবসায়ীরা প্রায় এক ঘন্টা বন্দরবাজার-আম্বরখানা-বিমানবন্দর সড়ক অবরোধ করে রাখেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ফুটপাত থেকে উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন তারা।
মিছিল থেকে পাশের মধুবন সুপার মার্কেটে ইট পাটকেল নিক্ষেপ করা হলে মার্কেট বন্ধ রেখে রাস্তায় নেমে আসেন ব্যবসায়ীরা।
এ সময় ব্যবসায়ীদের সঙ্গে হকারদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো আইয়ুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হকার ও ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হলেও কেউ আহত হয়নি।
ঘটনার পর ব্যবসায়ীরা কোর্ট পয়েন্ট এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন ও প্রায় এক ঘন্টা বন্দরবাজার-আম্বরখানা-বিমানবন্দর সড়ক অবরোধ করে রাখেন।
সন্ধ্যা সোয়া ৭টার দিকে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী কোর্ট পয়েন্টে গিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে ব্যসায়ীরা অবরোধ প্রত্যাহার করেন।
অতিরিক্ত উপ কমিশনার মো আইয়ুব আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।
