চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন সল্টগোলা আজাদ কলোনিতে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত মোহাম্মদ ইউসূফ (২৮) বরিশালের মৃত মোহাম্মদ মাসুদের ছেলে। আজাদ কলোনিতে একটি ভাড়া বাসায় তিনি থাকতেন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করে বলে পুলিশ জানিয়েছে। পরে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগর পুলিশের বন্দর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মঞ্জুর মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলোনির সামনে একটি খেলার মাঠে ইউসূফকে ছুরিকাহত করা হয়। স্থানীয় হারুন, প্রিন্স ও জসিমসহ ৪/৫ জন যুবক এই ঘটনায় জড়িত বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।
চুরি করা বিভিন্ন পণ্যের ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারনা পুলিশের।
ইউসূফ সিইপিজেডে একটি পোশাক কারখানায় অনিয়মিত শ্রমিক হিসেবে কাজ করতেন।
