সেই দুটি গাড়ি মিলল পরিত্যক্ত অবস্থায়
সিলেটের বিয়ানিবাজার সীমান্তে ইমিগ্রেশন ফাঁকি দিয়ে বাংলাদেশে ঢুকে পড়া দুটো গাড়ি পুলিশ খুঁজে পেয়েছে পরিত্যক্ত অবস্থায়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. আইয়ুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার গভীর রাতে শহরের উপশহর এলাকায় রাস্তার ওপর থেকে কালো রঙের পাজেরোটি পাওয়া যায়।
আর রূপালি রংয়ের পাজেরোটি পাওয়া যায় কুমারপাড়া এলাকায় ‘জালালাবাদ অটো কেয়ার’ নামে একটি ওয়ার্কশপে।
“দুটো গাড়িই পরিত্যক্ত অবস্থায় ছিল। গাড়ির আরোহীদের কাউকে পাওয়া যায়নি। জালালাবাদ অটো কেয়ারের কোনো কর্মীকেও সেখানে পাওয়া যায়নি।”
ওপারে ভারতীয় সীমান্ত চেকপোস্টের বরাত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের উপ মহা পরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) কর্নেল হাফিজ আহসান ফরিদ জানান, ব্রিটিশ পাসপোর্টধারী তিন বাংলাদেশি নাগরিক ওই গাড়ি দুটি নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
ভারতীয় ইমিগ্রেশনে দেয়া তথ্য অনুযায়ী তাদের নাম কাবুল মিয়া, আজগর উদ্দিন ও আন্তর আলী।
হাফিজ আহসান ফরিদ বলেন, “গাড়ি দুটো একেবারে নতুন। আর ওই তিনজনের মধ্যে একজন গাড়ির ব্যবসা করেন। নতুন গাড়ি আনতে গেলে আমাদের এখানে ৩০০ শতাংশ ট্যাক্স দিতে হয়। সেটা ফাঁকি দিতেই তারা এভাবে নিয়ম ভেঙে ইমিগ্রেশন ফাঁকি দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
অতিরিক্ত উপ কমিশনার মো. আইয়ুব বলেন, “গাড়িগুলো পুলিশ হেফাজতে রয়েছে। তিন আরোহীর খোঁজে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।”
