২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত পেরিয়ে আসা দুটি গাড়ি খুঁজছে পুলিশ

ইমিগ্রেশন এড়িয়ে সিলেটের বিয়ানিবাজার উপজেলা সীমান্ত দিয়ে আরোহীসহ বাংলাদেশে ঢুকে পড়া দুটো জিপ খুঁজছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 02:26 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. ইব্রাহিম খান জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে সুতারকান্দি চেকপোস্টে আসার পর না থেমে দ্রুত বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে রূপালী ও কালো রংয়ের পাজেরো গাড়ি দুটো।   

ওপারে ভারতীয় সীমান্ত চেকপোস্টের বরাত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের উপ মহা পরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) কর্নেল হাফিজ আহসান ফরিদ জানান, দুটি গাড়িতে আসা তিন ব্যক্তি ব্রিটিশ পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিক।

তারা ভারতীয় ইমিগ্রেশনে যে তথ্য দিয়েছেন- সে অনুযায়ী তাদের নাম কাবুল মিয়া, আজগর উদ্দিন ও আন্তর আলী।

হাফিজ আহসান ফরিদ বলেন, “গাড়ি দুটো একেবারে নতুন। আর ওই তিনজনের মধ্যে একজন গাড়ির ব্যবসা করেন। নতুন গাড়ি আনতে গেলে আমাদের এখানে ৩০০ শতাংশ ট্যাক্স দিতে হয়। সেটা ফাঁকি দিতেই তারা এভাবে নিয়ম ভেঙে ইমিগ্রেশন ফাঁকি দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

বিষয়টি পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছে এবং তারা গাড়ি দুটোর খোঁজ শুরু করেছে বলেও জানান তিনি।  

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার জানান, গাড়ি ও আরোহীদের ধরতে সীমান্তে আশপাশের তিন উপজেলায় তল্লাশি চালানো হচ্ছে।