২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ সফল আত্মকর্মী পাচ্ছেন যুব পুরস্কার

এবার যুবদিবসে ১৫ জন সফল আত্মকর্মীকে জাতীয় যুব পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 06:33 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

জাতীয় যুব দিবস উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, শুক্রবার ওসমানী মিলনায়তনে যুব দিবসের কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, এবার যেসব সফল উদ্যোক্তাকে এই পুরস্কার দেয়া হচ্ছে, তারা হলেন, নারায়ণগঞ্জের আলমপাড়ার সাবিরা সুলতানা, সুনামগঞ্জের মল্লিকপুরের মিজানুল হক সরকার, কিশোরগঞ্জের মহিনন্দ গ্রামের নূরুল আরেফিন (লিংকন), গোপিবাগ আরকে মিশন রোডের নাজনীন পারভীন।

বান্দরবানের চেমী ডলুপাড়ার মাসিং নু মার্মা, ফরিদপুরের আলীপুরের তামান্না মোসলেম মীরা,  ফেনীর সোনাগাজীর মহিউদ্দিন আহমেদ, নাটোরের বাগাতিপাড়ার সেলিম রেজা, সাতক্ষীরার আবু আব্দুল্লাহ আল আজাদ,  বরিশাল সদরের নাজমা পারভীন সিমু।

মৌলভীবাজারের সৎপুরের কামরান হোসেন, দিনাজপুরের রামনগর গ্রামের আসমাউল হুসনা (রিপা), ঝালকাঠীর ফয়সাল রহমান, ভোলার জাকির হোসেন মহিন ও যশোরের আইরিন বেগম।

ন্যাশনাল সার্ভিসে ৬৩ হাজার কর্মসংস্থান

ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর আওতায় ৬৩হাজার ১৫৬ জনের অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। 

তিনি সংবাদ সম্মেলনে বলেন, “প্রাথমিকভাবে কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জ জেলায় কর্মসূচির আওতায় জাতি গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে ১১টি সেবা খাতে ৫৬ হাজার ৫৪ জনকে অস্থায়ী কর্মসংস্থানে সংযুক্তি করা হয়।”

২০১১-১২ অর্থবছরে রংপুর বিভাগের সাতটি জেলায় ৭ হাজার ১০২ জনের অস্থায়ী কর্মসংস্থানে সংযুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

ন্যাশনাল সার্ভিস কর্মসূচির অগ্রগতি সন্তোষজনক দাবি করে প্রতিমন্ত্রী বলেন, “ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সুবিধাভোগীদের অংশগ্রহণের ফলে সরকারি বিভিন্ন বিভাগে সেবার পরিধি ও মান বৃদ্ধি পেয়েছে।”

যুব ঋণ কর্মসূচির আওতায় বর্তমান সরকার ৯২ হাজার ৮৬৯ জন প্রশিক্ষিত যুবককে ৩৪২ কোটি  ৩০ লাখ ৪৬ হাজার টাকা ঋণ দিয়েছে এবং ঋণ আদায়ের গড় হার শতকরা ৯২ শতাংশ বলে জানান প্রতিমন্ত্রী।  

সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব নূর মোহাম্মদ, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক অসিত কুমার মুকুটমণিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।