গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় বিমানবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান
গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় বিমান বাহিনীকে সজাগ থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার ঢাকা সেনানিবাসে বিএএফ ঘাঁটি বাশারে বিমান বাহিনীর সদস্যদের এক দরবারে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “যে কোনো স্বাধীন রাষ্ট্রের ন্যায়, বাংলাদেশের পবিত্র সংবিধানকে রক্ষা তথা গণতান্ত্রিক ধারাবাহিকতাকে রক্ষা করার জন্য অন্যান্য প্রাতিষ্ঠানিক শক্তির ন্যায় বিমান বাহিনীকেও যে কোন হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে।”
দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে ঐক্যবদ্ধ থেকে নিজেদের সর্বদা প্রস্তুত রাখতে বাহিনীর সদস্যদের নির্দেশ দেন তিনি।
বিমান বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে বঙ্গবন্ধু সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “সেই একই ধারাবাহিকতায় বিমান বাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তোলার জন্য আমরা কার্যকর পরিকল্পনা গ্রহণ করেছি।”
বিমান বাহিনীর আধুনিকীকরণ, ভৌত অবকাঠামো উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে তার সরকার ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, “বৈমানিকদের অভিজ্ঞতা ও দক্ষতা কার্যকরভাবে দেশের কাজে লাগানোর জন্য তাদের চাকুরির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। পদবীর সাথে সঙ্গতি রেখে বিমান সেনাদের চাকুরির মেয়াদও আমরা পুনঃনির্ধারণ করেছি।”
প্রধানমন্ত্রী আরো বলেন, বিমান বাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান, যুদ্ধাস্ত্র ও সরঞ্জামের রক্ষণাবেক্ষণ, মেরামত এবং কারিগরি ক্ষেত্রে স্বনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে দেশি-বিদেশি প্রযুক্তির সহায়তায় বঙ্গবন্ধু বিমান বাহিনী ঘাঁটিতে ‘বঙ্গবন্ধু এ্যারোনটিক্যাল সেন্টার’র নির্মাণ কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। সেখানে বিমান বাহিনীর শিক্ষানবিশ বৈমানিক এবং অন্যান্য শিক্ষানবিশ অফিসারদের গবেষণামূলক ও উন্নত প্রশিক্ষণ দেয়া হবে।
বিমান বাহিনীর জন্য অনেকগুলো নতুন ইউনিট স্থাপনের প্রস্তাব বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে, যোগ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী তাকে স্বাগত জানান।
পরে প্রধানমন্ত্রী উপস্থিত বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে পেশাগত বিষয়ে খোলামেলা কথা বলেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
