গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ডাকাতি
গাইবান্ধার বালাসি-বাহাদুরাবাদ নৌপথে দক্ষিণ খাটিয়ামারির চরে একটি যাত্রীবাহী নৌকায় ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুরে ডাকাতরা ১০ যাত্রীকে আহত করাসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয় বলে যাত্রীরা অভিযোগ করেন। আহতদেরকে প্রাথমিক চিৎকিসা দেয়া হয়েছে।
ফুলছড়ি থানার ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতি হওয়ার কথা তিনি শুনেছেন। তবে ঘটনাস্থল জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় হওয়ায় তার থানায় মামলা হয়নি।
আহত যাত্রী গাইবান্ধা শহরের সান্দারপট্রি এলাকার ব্যবসায়ি মিঠু মিয়া ও আব্দুর রহিম বলেন, সকালে জামালপুরের বাহাদুরাবাদ থেকে অন্তত ৭০ জন যাত্রী নিয়ে নৌকাটি গাইবান্ধার বালাসিঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের দক্ষিণ খাটিয়ামারির চরে পৌঁছলে অপর একটি নৌকাযোগে ১৫/২০ জনের একদল মুখোশধারী ডাকাত তাদের গতিরোধ করে। তারা যাত্রীদের মারধর করে মোবাইল, স্বর্ণালঙ্কারসহ প্রায় পাঁচ লক্ষ টাকার লুটে নেয়।
ফজলুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, তিনি দক্ষিণ খাটিয়ামারির চর এলাকায় ডাকাতির কথা শুনেছেন।
তিনি বলেন, ওই এলাকায় বারবার ডাকাতি হওয়ার কথা প্রশাসনকে জানান হলেও কোনো কাজ হচ্ছে না।
