শুরু হল আমিন বাজারে ৬ ছাত্র হত্যাকাণ্ডের বিচার
অভিযোগ গঠনের প্রায় চার মাস পর আমিন বাজারে ছয় ছাত্র হত্যামামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
দুই বছর আগের এই ঘটনায় করা মামলার বাদী সাভার থানার তৎকালীন উপপরিদশক আনোয়ার হোসেনের জবানবন্দি নেয়ার মধ্য দিয়ে বুধবার ঢাকার আদালতে আনুষ্ঠানিক বিচার শুরু হল।
তদন্ত কর্মকর্তার জবানবন্দি অসমাপ্ত রেখে বিচারক ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ খন্দকার হাসান মোহাম্মদ ফিরোজ আগামী ২৭ নভেম্বর শুনানির পরবর্তী দিন ঠিক করেছেন।
২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে গাবতলী সেতুর অন্য পাড়ে সাভারের আমিন বাজারের বড়দেশী গ্রামের কেবলারচরে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় ছয় কলেজছাত্রকে।
কল্যাণপুর ও দারুস সালাম এলাকার বাসিন্দা ওই তরুণরা রাতে ওই এলাকায় ঘুরতে গিয়েছিলেন বলে পরে তদন্তে উঠে আসে। সঙ্গীদের সঙ্গে পিটুনিতে আহত হলেও বেঁচে যান এক ছাত্র আল আমিন।
জবানবন্দিতে বাদী বলেন, টহলরত অবস্থায় রাত ২টার সময় থানা থেকে তাকে বড়দেশী গ্রামের কেবলার চরে গোলমালের খবর জানানো হয়।
“আমি ফোর্স নিয়ে সেখানে গিয়ে রুপালী সৈকত হাউজিং সোসাইটির ভরাট করা বালুর চরের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত অবস্থায় ছয়টি মৃতদেহ ও একজনকে গুরুতর আহত অবস্থায় পাই।”
প্রথমে পুলিশ নিহতদের বিরুদ্ধে মামলা করলেও পরে সমালোচনার মধ্যে বিচার বিভাগীয় তদন্তের পর হত্যামামলা করে পুলিশ।
আদালতের নির্দেশে তদন্তের পর গত ৭ জানুয়ারি র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ উদ্দিন আহমেদ ৬০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। এরপর গত গত ৮ জুলাই তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়।
মামলার ৬০ জন আসামির মধ্যে সাতজন কারাগারে রয়েছেন। ৪২ জন আসামি জামিনে মুক্ত রয়েছেন, পলাতক রয়েছে ১১ জন।
আসামিরা হলেন- হলেন, ডাকাতি মামলার বাদী আব্দুল মালেক, সাঈদ মেম্বর, আব্দুর রশিদ, ইসমাইল হোসেন রেফু, নিহর ওরফে জমশের আলী, মীর হোসেন, মজিবর রহমান, কবির হোসেন, আনোয়ার হোসেন, রজুর আলী সোহাগ, আলম, রানা, আ. হালিম, আসলাম মিয়া, শাহীন আহমেদ, ফরিদ খান, রাজীব হোসেন, হাতকাটা রহিম, মো. ওয়াসিম, সেলিম মোল্লা, সানোয়ার হোসেন, শামসুল হক ওরফে শামচু মেম্বার, রাশেদ, সাইফুল, সাত্তার, সেলিম, মনির, ছাব্বির আহম্মেদ, আলমগীর, আনোয়ার হোসেন আনু, মোবারক হোসেন, অখিল খন্দকার, বশির, রুবেল, নূর ইসলাম, আনিস, সালেহ আহমেদ, শাহাদাত হোসেন রুবেল, টুটুল, অখিল, মাসুদ, নিজামউদ্দিন, মোখলেছ, কালাম, আফজাল, বাদশা মিয়া, তোতন, সাইফুল, রহিম, শাহজাহান, সুলতান, সোহাগ, লেমন, সায়মন, এনায়েত, হায়দার, খালেদ, ইমান আলী, দুলাল ও আলম।
মামলায় সাক্ষীর সংখ্যা ৯২ জন। আসামিদের মধ্যে ১৪ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সেদিন নিহতরা হলেন- ম্যাপল লিফের এ লেভেলের ছাত্র শামস রহিম শামীম (১৮), মিরপুর বাংলা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌহিদুর রহমান পলাশ (২০), একই কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ইব্রাহিম খলিল (২১), উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র কামরুজ্জামান কান্ত (১৬), তেজগাঁও কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র টিপু সুলতান (১৯) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র সিতাব জাবির মুনিব (২০)।
