২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে যুবলীগকর্মীর রগ কর্তন: গ্রেপ্তার ২ শিবিরকর্মী

সিলেট নগরীর আখালিয়ায় এক যুবলীগ কর্মীর হাত পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 05:02 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আখালিয়া তপোবন আবাসিক এলাকায় এঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আহত যুবলীগকর্মী দুলাল আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহীন আহমদ ও সাইদুর নামের দুই ছাত্র শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দুলাল আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাহীনের নেতৃত্বে শিবিরকর্মীরাই তার উপর হামলা চালিয়েছে।”

সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-কমিশনার মো. আইয়ুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুলালের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”

মহানগর যুবলীগ নেতা আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে দুলাল তপোবন আবাসিক এলাকার সামনে তার মালিকানাধীন ডিলাক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বসা ছিলেন। এসময় পাঁচটি মোটরসাইকেলে কয়েকজন যুবক এসে তার উপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুলালের হাত-পায়ের রগ কেটে দেয়।

এসময় দুলালের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন সেট ফেলে পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।

কোতোয়ালী থানা পুলিশ দুলালকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

মঙ্গলবার রাতেই দুলালের শরীরে কয়েক দফা অস্ত্রোপচার হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।