২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ২ শিশু ধর্ষিত

সিরাজগঞ্জের রায়গাঞ্জ ও তাড়াশ উপজেলায় দুই শিশু ধর্ষিত হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 02:49 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

মঙ্গলবার রাতে দুজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহম্মেদ।

তিনি বলেন,  “তাদের দুজনকে গাইনি ও শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। দুজনেরই রক্তক্ষরণ হয়েছে। ধর্ষণের আলামত পাওয়া গেছে।”

ধর্ষিতাদের মধ্যে একজন রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের এক ট্রাক চালকের পাঁচ বছরের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের শিশু শ্রেণির ছাত্রী। আর অন্যজন তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বড় পোত্ততা গ্রামের এক দিনমজুরের ১৫ বছর বয়সী মেয়ে।

রায়গঞ্জে ধর্ষিতা শিশুর মামা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন,  মঙ্গলবার দুপুর ২টার দিকে তার ভাগ্নিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই সময় প্রতিবেশি কর্মা মাহাতোর ছেলে দীপু মাহাতো (১৪) তাকে নিজেদের ঘরে আটকে রেখে ধর্ষণ করে।

পরে শিশুটিকে উদ্ধার করে রাত ১০টার দিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি আনিছুর রহমান বলেন, এ ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত কেউ থানায় মামলা করতে আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে তাড়াশে ধর্ষিতা শিশুর চাচী  বলেন,  সোমবার বিকেলে গরুর জন্য মাঠে ঘাস কাটতে যায় মেয়েটি। তখন একই গ্রামের হাবিবের ছেলে আরিফুল ইসলাম (২৪) তাকে ধরে মুখ ও গলায় গামছা পেচিয়ে ধর্ষণ করে।

মেয়েটিকে উদ্ধারের পর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে মঙ্গলবার সন্ধ্যার দিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তাড়াশ থানার ওসি আব্দুর রফিক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তবে ঘটনার পর থেকে আসামির পরিবারের সবাই পলাতক রয়েছে।