২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতবোমা বিস্ফোরণ: মামলা হলেও গ্রেপ্তার নেই

বিরোধী দলের হরতালকে ঘিরে সরকারের মন্ত্রীসহ বিশিষ্টজনদের বাড়ির সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মামলা করেছে পুলিশ, যদিও এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 02:21 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

রমনা পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাসার সামনে বোমা হামলার ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মামলা হয়েছে। তবে মামলার এজাহারে কারো নাম উল্লেখ করা হয়নি। কাউকে গ্রেপ্তারও করা যায়নি। পুলিশ চেষ্টা করছে।”

নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যে গত কয়েক দিনে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, আইনমন্ত্রী শফিক আহমেদ, পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, সংসদ সদস্য এনামুল হক, প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মীর্জা জলিলসহ বিশিষ্টজনদের বাড়ির সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

তেজগাঁও পুলিশের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যানের বাসার সামনে বোমা হামলার ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে।

“রাজধানীতে যতোগুলো ঘটনা ঘটেছে- তা ঘটিয়েছে দুই/তিনটি চক্র। এই চক্রটিকে সনাক্ত করা গেছে। একজনকে ধরা গেলে সবাইকে ধরা যাবে।”

হরতালের দ্বিতীয় দিন সোমবার রাত ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকায় সাজেদা চৌধুরীর বাড়ির সামনে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। একই সময়ে সরকারদলীয় হুইপ নূর ই আলম চৌধুরী লিটনের খিলক্ষেত নিকুঞ্জের বাড়ির সামনেও একটি হাতবোমা ফাটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

হরতালের আগে গত শুক্রবার মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, আইনমন্ত্রী শফিক আহমেদের বাড়ির সামনে বিস্ফোরণ ঘটে। হরতালের প্রথম দিন রোববার পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, সংসদ সদস্য এনামুল হক, প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যানের বাড়ির সামনে বিস্ফোরণ ঘটে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এম বদিউজ্জামানের উত্তরার বাড়ির সামনে একটি হাতবোমা ফাটানো হয়।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিস্ফোরণ ঘটে উত্তরায় সাংবাদিক আবেদ খানের বাড়ির সামনেও।

আবেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “যারা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটার তুরিন আফরোজসহ সম্প্রতি রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তির বাড়ির সামনে হাতবোমা নিক্ষেপ করেছে, তারাই আমার বাড়ির সামনেও এ ঘটনা ঘটিয়েছে।”

পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার মঙ্গলবার ঢাকা মেডিকেল হাসপাতালের সামনে সাংবাদিকদের বলেন, “নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ হামলা মোকাবেলায় নতুন কৌশল নিয়েছে।”

দেশজুড়ে বোমাবাজির জন্য ক্ষমতাসীনরা হরতাল আহ্বানকারী বিরোধীদলকে দায়ী করলেও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি,  আন্দোলন নস্যাৎ করতে ‘সরকারের এজেন্ট’রা একাজ করছে।

মামলা ৭০ আসামি ১৪ শ’

হরতালের আগের দিন শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত নানা ধরনের নাশকতায় রাজধানীর বিভিণ্ন থানায় ৭০টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় ১৪শ’।

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবারের ঘটনায় রাজধানীতে ১৬টি, রোববার ১৯টি, সোমবার ২৩টি ও মঙ্গলবার ১২টি মামলা করা হয়েছে।

হরতালে নাশকতায় জড়িত থাকার দায়ে মোট ৪১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্যাম্যমাণ আদালত। গ্রেপ্তার করা হয়েছে ১৪১ জনকে।

নির্বাচনকালীন ‘নির্দলীয় সরকারের’ দাবিতে রোববার থেকে সারা দেশে ৬০ ঘণ্টার এই হরতাল করে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দল। হরতালের তিন দিনে সারা দেশে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।