২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা হত্যাকাণ্ডের রায় বুধবার হচ্ছে না

চার বছর আগের বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় হত্যাকাণ্ডের মামলার রায় বুধবার হচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 08:40 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

তবে তা শিগগিরই হবে বলে রায়ের নির্ধারিত তারিখের আগের দিন মঙ্গলবার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ২০ অক্টোবর ঢাকার আদালত পিলখানা হত্যামামলায় রায়ের জন্য ৩০ অক্টোবর দিন ঠিক করে।

কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীসহ অন্যদের সঙ্গে কথা জানা যায়, বুধবার এই রায় হচ্ছে না।

রাতে গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “ইতিহাসে এত বড় মামলা আর কখনো হয়নি। তাই তাই রায় লিখতে সময় লাগছে। এই মামলার রায় শিগগিরই দেয়া হবে।”

দেশের ইতিহাসে বহুল আলোচিত এই মামলায় ২৩ বেসামরিক ব্যক্তিসহ ৮৩৪ জন আসামি। এর মধ্যে বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টুও রয়েছেন।

বিদ্রোহের ঘটনার বিচার সীমান্ত রক্ষা বাহিনীর নিজস্ব আইনে সম্পন্ন হয়েছে। পিলখানায় বাহিনীর সদর দপ্তরে ৭৩ জনকে হত্যা, লুণ্ঠনসহ অন্য অভিযোগের বিচার হচ্ছে প্রচলিত আইনে।

প্রধানমন্ত্রী বলেন, “এখানে প্রায় ৮০০ আসামি। এত বড় মামলা পৃথিবীর কোথাও হয়েছে বলে আমার জানা নেই। এই মামলার ব্যাপকতা অনেক।”

আসামির সংখ্যা অনেক হওয়ায় কেন্দ্রীয় কারাগার সংলগ্ন আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকার জজ আদালতের বিশেষ এজলাস বসিয়ে এই হত্যাকাণ্ডের বিচার চলছে।

এর আগে এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায় লেখা শেষ না হওয়ায় আগামীকাল রায় হচ্ছে না বলে আমি শুনেছি।”

রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী মোশাররফ হোসেন কাজল ও আসামি পক্ষের প্রধান আইনজীবী আমিনুল ইসলামও বুধবার রায় হচ্ছে না বলে শুনেছেন বলে জানান।

সাক্ষ্য ও সাফাইসাক্ষ্য শেষে গত ২৯ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে। পরে নয় কার্যদিবসে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় ২০ অক্টোবর। ওই দিন রায়ের জন্য ৩০ অক্টোবর নির্ধারণ করা হয়।

২০১১ সালের ৫ জানুয়ারি এই বিচার কার্যক্রম শুরু করেন ঢাকার বিশেষ জজ জহুরুল হক। ওই বছরের ২৪ অগাস্ট এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। বর্তমানে এই আদালতের বিচারকের দায়িত্বে রয়েছেন মো. আখতারুজ্জামান।

মন্ত্রী, সংসদ সদস্য, সাবেক ও বর্তমান সেনা, নৌ, বিমান বাহিনীর কর্মকর্তা, পুলিশের সাবেক ও বর্তমান আইজি, বেসামরিক ব্যক্তিসহ এ মামলার ১ হাজার ৩৪৫ জন সাক্ষী ছিলেন। তবে শেষ পর্যন্ত ৬৫৪ জন সাক্ষীর জবানবন্দি নিয়ে সাক্ষ্যগ্রহণ শেষ করা হয়।

বিডিআর হত্যাযজ্ঞ ঘটনায় প্রথমে লালবাগ থানায় হত্যা এবং বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। পরে এসব মামলা স্থানান্তরিত হয় নিউমার্কেট থানায়।

সিআইডি দীর্ঘ তদন্ত শেষে হত্যা মামলায় ২৩ বেসামরিক ব্যক্তিসহ প্রথমে ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরে সম্পূরক অভিযোগপত্রে আরও ২৬ জনের নাম অন্তর্ভুক্ত হয়। 

এছাড়া বিস্ফোরক আইনে করা মামলায় ৮০৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় সিআইডি। পরে আরও ২৬ জনকে অভিযুক্ত করে মোট ৮৩৪ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয়া হয়। দুই মামলার বিচার একইসঙ্গে চলে।

মামলায় ২০ জন আসামি পলাতক রয়েছেন। বিচার চলার সময়ে ডিএডি রহিমসহ চার আসামির মৃত্যু হয়েছে।

২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ অন্তত ৭৩ জন নিহত হন।

রক্তাক্ত ওই বিদ্রোহের প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পুনর্গঠন করা হয়। নাম বদলের পর এ বাহিনী এখন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হিসেবে পরিচিত।

পুরনো খবর:

পিলখানা বিদ্রোহ: হত্যাকাণ্ডের রায় ৩০ অক্টোবর