২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিই সংলাপ চায় না: জয়

টেলিফোনে প্রধানমন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করে হরতাল কর্মসূচিতে অনড় থাকার সমালোচনা করে সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি সংলাপ চায় না বলেই এমনটি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 08:14 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে জয় বলেন, “বিএনপি সংলাপে আসতে চায় না বলেই নানা রকম ছুতা দেখিয়ে যাচ্ছে। তারা সংলাপে আসবে এমন আশা করলেও কোনো লক্ষণ তো দেখছি না।”

প্রধানমন্ত্রী হরতাল তুলে নিয়ে সোমবার গণভবনে বিরোধী নেত্রীকে আমন্ত্রণ জানান। তবে হরতাল প্রত্যাহার সম্ভব নয় জানিয়ে তিন দিনের এই কর্মসূচির পর সংলাপের আমন্ত্রণ গ্রহণ করতে রাজি আছেন বলে জানান খালেদা।

দুই নেত্রীর ওই আলাপের পর তাদের মধ্যে সংলাপ অব্যাহত রাখতে রাজনৈতিক, ব্যবসায়ী, কূটনীতিক মহলের চাওয়ার মধ্যে নতুন করে আলোচনায় উদ্যোগ নেয়ার জন্য দুই দল পরস্পরকে আহ্বান জানাচ্ছে।

বিএনপি আলোচনার জন্য আবার আমন্ত্রণ জানানো হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, “কয়বার দাওয়াত দেব?

“আমার মা মাননীয় প্রধানমন্ত্রী নিজে ফোন করে বিরোধীদলীয় নেত্রীকে দাওয়াত দিয়েছেন। খাওয়ার দাওয়াত দিয়েছেন, যাতে আলোচনার মাধ্যমে একটি সমাধান আসে। কোনো শর্ত দেননি।”

“হরতাল-ভাঙচুর যাতে না হয় সে অনুরোধ করেছিলেন। কিন্তু এ অনুরোধ রাখলেন না। এটা দুঃখজনক।”

হরতালে বোমা হামলার ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তনয় বলেন, “আমরা চেয়েছিলাম সংলাপের মাধ্যমে সমঝোতা হোক। কিন্তু বিএনপি তো সন্ত্রাস করছে। তাদের বোমাবাজি খুবই দুঃখজনক।”

হরতালে বোমা হামলার মাধ্যমে বিরোধী দলের ‘আসল চেহারা’ দেখা গেছে বলেও দাবি করেন জয়।

“যেভাবে বিচারপতি-সংবাদমাধ্যম-পুলিশের ওপর বোমা হামলা করা হয়েছে সেটা ভয়ংকর।”

ভারতের গণমাধ্যমে তারেক রহমান এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র জড়িত থাকা সম্পর্কে প্রকাশিত প্রতিবেদন নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধানমন্ত্রীপুত্র বলেন, “আশ্চর্যের কিছু নয়। সন্ত্রাসীদের সাথে মাফিয়া দাউদ ইব্রাহিমের সাথে তার লিংক ছিল, এটা আমরা জানি।”

এবার দেশে ফিরে নিজ দল আওয়ামী লীগের নির্বাচনী প্রচারে অংশ নেবেন বলেও জানান তিনি।

আগামী সংসদ নির্বাচনে অংশ নেবেন কি না- জানতে চাইলে তিনি বলেন, “নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা নেই। তাহলে দলীয় প্রচারণার পরিবর্তে ব্যক্তিগত প্রচারণায় ব্যস্ত হয়ে পড়ব। যদি এবার জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়, তাহলে ভবিষ্যতে আশা আছে।”

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিক জরিপে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমে গেছে বলে যে চিত্র ফুটে উঠেছে সে সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে জয় বলেন, “ওই জরিপ ভুল। জরিপের মেথড দেখতে হবে। কি উদ্দেশ্যে করা হয়েছে সেটা দেখতে হবে।

“বিএনপির জনপ্রিয়তা কিভাবে বাড়বে? তারা জনগণের কাছে কী ওয়াদা করেছে। বাংলাদেশে অবস্থা এত কি খারাপ যে আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে?”

বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা থাকলে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি থাইল্যান্ডের সমান হবে দাবি করেন তিনি বলেন, “এর মধ্যেই আমরা নেক্সট মালয়েশিয়া হওয়ার পথে চলে এসেছি।”

আগামী নির্বাচনে দলের প্রচারণার জন্য বেশিরভাগ সময় দেশে থাকবেন বলেও জানান যুক্তরাষ্ট্রপ্রবাসী জয়।